এটি তারেক রহমানের দল, আমার নয়: রুমিন ফারহানা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, সংসদে তার অবস্থান হবে একজন স্বতন্ত্র সংসদ সদস্যের মতো। তিনি স্পষ্ট করে বলেন, সরকারে কে এলো বা গেলো সেটি তার দেখার বিষয় নয়। এটি তারেক রহমানের দল, আমার নয়। বরং নিজ এলাকার মানুষের স্বার্থ রক্ষাই তার প্রধান লক্ষ্য।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সরাইলের শাহবাজপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের পর বিএনপির সাথে তার সম্পর্ক এবং সংসদের ভূমিকা নিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন।

বিএনপিতে ফেরার সম্ভাবনা নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি ঘরেই আছি। দল তো আমাকে বহিষ্কার করেছে। এটি এখন তারেক রহমান সাহেবের দল, এটা আমার দল না। দলটির গত ১৮ মাসের কার্যক্রমে আমরা দেখেছি- কীভাবে মানুষের কাছ থেকে পয়সা আদায়, লুটপাট, জমি ও ব্যবসা দখল এবং চাঁদাবাজি করা যায়। আমি ওইসবের সঙ্গী হতে চাই না ‘।

তিনি আরও যোগ করেন, ‘দলের লড়াই ছিল ভোটের অধিকারের জন্য, আমি সেই আন্দোলনে শরিক ছিলাম। তবে তাদের ২০০১-২০০৬ সালের ভুলের পুনরাবৃত্তি এবং গত দেড় বছরের কর্মকাণ্ড কাম্য নয়।’

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, ‘এই আসনে বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে। লোকাল নেতারা ঘরে ঘরে গিয়ে মানুষকে ভয় দেখিয়েছে এবং রাতে টাকা বিলি করেছে। ধামাউড়া ও দুবাজাইল কেন্দ্রে তারা ভোট ছাপানোর চেষ্টা করেছে। এমনকি সরাইল উচালিয়া পাড়ায় রাত সাড়ে ১০টা পর্যন্ত কেন্দ্রে থেকে আমি ফল গণনা করতে বাধ্য করেছি।’

তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তাদের নিরপেক্ষতা ও র‍্যাপিড অ্যাকশনের কারণেই বড় কোনো অঘটন ঘটেনি।’

দলগতভাবে বিএনপি সংসদে যাচ্ছে, সেক্ষেত্রে রুমিনের অবস্থান কী হবে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘স্বতন্ত্র এমপির অবস্থান যেমন থাকে, আমারও তেমনই থাকবে। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না। সরাইল-আশুগঞ্জের মানুষের উন্নয়নই আমার অগ্রাধিকার। বিএনপি যদি আমন্ত্রন জানায়, তবে তখন ভেবে দেখা যাবে।’

সংসদে বিরোধী দল কে হবে- এমন প্রশ্নে রুমিন বলেন, ‘আওয়ামী লীগ ও বাম দলগুলো তো সংসদে নেই। বিরোধী দলে কারা থাকবে, সেটি এখন বড় প্রশ্ন। সময় সব বলে দেবে।’

তিনি তার এই জয়কে নির্বাচনি এলাকার আপামর জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

FJ
আরও পড়ুন