‘সেফ এক্সিট’ নেওয়ার আগে উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের চিন্তা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশ ছাড়ার আগে উপদেষ্টাদের অবশ্যই তাদের সম্পদের হিসাব বিবরণী এবং গত কয়েক মাসের কাজের সালতামামি জনগণের সামনে পেশ করতে হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। নোয়াখালীতে ‘শাপলাকলি’ মার্কায় ভোট দেওয়ায় এক নারীকে ধর্ষণ এবং দেশজুড়ে বিএনপির কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে এনসিপি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা এখন সেফ এক্সিট নেওয়ার পথ খুঁজছেন। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে তাদের বলতে চাই—যাওয়ার আগে সম্পদের হিসাব দিয়ে যান। জনগণের জন্য আপনারা কী কাজ করেছেন, তার খতিয়ান দিন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে যে ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, তাতে প্রশাসনের বড় একটি অংশ জড়িত ছিল। এর মাধ্যমে জনগণের ওপর একটি জুলুমতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা-৮ আসনে যা হয়েছে, তা নজিরবিহীন।’

বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘লন্ডন সফরের সময় আপনি যে সমঝোতা করেছিলেন, নির্বাচনের মধ্য দিয়ে তার ফল আমরা দেখলাম। প্রশাসনকে কাজে লাগিয়ে আপনি দেশে একটি ভিন্ন সংস্কৃতি ও জালেমকে ফিরিয়ে এনেছেন। ইতিহাস আপনাকে এজন্য ক্ষমা করবে না।’

বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে এবং আমাদের মা-বোনদের ওপর আক্রমণ হচ্ছে। এই অস্থিতিশীল পরিবেশের জন্য বর্তমান সরকার দায়ী থাকবে।’

তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, জনগণের জানমালের ক্ষতির জন্য কাউকে ক্ষমা করা হবে না।

DR/SN
আরও পড়ুন