দেশ ছাড়ার পর যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ এএম

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানির উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। তার এই হঠাৎ প্রস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া নানা আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ জানান, গত ৮ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে তিনি আইসিটি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস, যেখানে সহকর্মীদের সঙ্গে নৈশভোজ ও গানের মাধ্যমে বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। 

তিনি আরও দাবি করেন, প্রযুক্তি নির্ভর নির্বাচনি আয়োজনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

হঠাৎ দেশ ছাড়ার কারণ হিসেবে তিনি পারিবারিক জরুরি অবস্থা ও ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর মেডিকেল ইমার্জেন্সি রয়েছে। এছাড়া একটি দীর্ঘ সময় পরিবারকে সময় দিতে পারিনি।’

আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের জন্য কাজ করতে এসে আর্থিকভাবে অনেক লোকসান হয়েছে। সঞ্চয় যা ছিল সব শেষ হয়েছে, এখন দ্রুত একটি চাকরি খুঁজতে হবে।’

তিনি আরও জানান, তিনি ওয়ান-ওয়ে নয় বরং রিটার্ন টিকিট কেটেই বিদেশ গেছেন।

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা ও স্বচ্ছতা আনার চেষ্টা করেছি।’

তিনি অভিযোগ করেন, মোবাইল ব্যবসায়ী ও টেলিকম সংশ্লিষ্ট কিছু কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানির উদ্দেশ্যে রওনা হন। বিদায়বেলায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো মন্তব্য করার আগে তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছেন।

DR
আরও পড়ুন