ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন সরকার গঠনের প্রস্তুতি ও রাজনৈতিক সৌজন্য রক্ষায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গিয়েছেন।
দলীয় সূত্র জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় পৌঁছান তারেক রহমান। সেখানে দুই নেতার মধ্যে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও হবু সরকার গঠন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর রাত ৮টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের ৩টি আসনসহ বিএনপি জোটের মোট আসন সংখ্যা এখন ২১২। অন্যদিকে, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নির্বাচনে ৭৭টি আসন পেয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।
আজ ডা: শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
