চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান তিনি।
আমানুল্লাহ আমান বলেন, ‘একজন পরিশ্রম করে অর্থ উপার্জন করবে আর কেউ গিয়ে বলবে আমাকে ভাগ দাও! না দিয়ে দিলে হুমকি অত্যাচার, এটা জুলুমের চূড়ান্ত পর্যায়।’
তিনি বলেন, ‘তারেক রহমান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই বাংলাদেশে এবং ভবিষ্যতে এটা আর কোনোদিন চলতে পারে না। অল্প কিছু দুষ্কৃতকারীর জন্য কোটি কোটি মানুষের ত্যাগ আমরা কলঙ্কিত হতে দিতে পারি না।
‘বাংলাদেশে সকল রাজনৈতিক দলের এবং দলের বাইরের কিছু বিপথগামী ব্যক্তি রয়েছেন যারা এই ভয়াবহ জুলুমের সাথে জড়িত।’
এই ছাত্রদল নেতা আরও বলেন, ‘আপনারা এগুলো পরিহার করুন কাজ করে উপার্জনে মনোযোগ দিন, আল্লাহ সহায় হবে আর না হলে বিপদ- অভিসম্পাত অনিবার্য। দল-মত নির্বিশেষে চাঁদাবাজি নামক এই ভয়াবহ জুলুমের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।’

