মুফতি ফয়জুল করীম

সরকার চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনক্ষোভ তৈরি হতে পারে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ এএম

চাঁদাবাজি, সন্ত্রাস ও বৈষম্য দমনে ব্যর্থ হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র জনক্ষোভ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

তিনি জানান, অগণিত ত্যাগ ও রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে রাজপথে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তা সত্ত্বেও দেশের বর্তমান আইনশৃঙ্খলা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া অত্যন্ত হতাশাজনক।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সরকারি তিতুমীর কলেজের ‘সীরাত কনফারেন্স ও কোয়েস্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্র বা কন্টেন্ট ক্রিয়েটরের স্টুডিও ভাঙচুর পরিস্থিতিকে আরও জটিল করছে।

ছাত্রসমাজকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মের চলমান নৈতিক সংকটের একমাত্র সমাধান নিহিত রয়েছে সীরাতুন নবীর পূর্ণাঙ্গ জীবনদর্শনের মাঝে।

ইসলামী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ ইউনুছ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাদরুদ্দীন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন প্রধান বক্তা মুনতাছির আহমাদ ও মুখ্য আলোচক মুফতী শামছুদ্দোহা আশরাফী।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত