লংমার্চে বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: জামায়াত আমির 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ এএম

জনগণের অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ লংমার্চের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে তাঁরা এই কর্মসূচিতে নামেননি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে এবং জনগণের দাবি আদায়ের লক্ষ্যেই তাঁরা রাস্তায় নেমেছেন।

ছয় দফার সঙ্গে আরও একটি দাবি যুক্ত করার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, দেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব তাঁরা বরদাশত করবেন না।

দেশের মানুষ নানা সংকটে অতিষ্ঠ উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে জনগণ ভোগান্তিতে রয়েছে। দুর্নীতিবাজদের হাতে মানুষের অধিকার লুণ্ঠিত হচ্ছে। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট রয়েছে, অথচ গ্যাসের বিল এবং বিদ্যুতের ভূতুড়ে বিল যথারীতি দিতে হচ্ছে।

লংমার্চের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দাবি আদায়ের অঙ্গীকার পূরণ করতেই এ কর্মসূচি শুরু হয়েছে। এরই মধ্যে কর্মসূচির ‘ক্রিয়া-প্রতিক্রিয়া’ শুরু হয়ে গেছে।

তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দেবে না। এ বিষয়ে কোনো ছাড় দিয়ে কথা বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরুর আগে ডা. শফিকুর রহমান বলেন, গন্তব্যের পথে বাধা এলে তাঁরা তা মোকাবিলা করতেই প্রস্তুত। জনগণের অধিকারের জন্য তাঁরা আন্দোলনে নেমেছেন এবং কোনো বাধাকে পরোয়া না করে ইনশাআল্লাহ নির্ধারিত গন্তব্যে পৌঁছাবেন।

১১ দলীয় ঐক্যের আন্দোলন ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মহান আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাবেন তাঁরা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ও দাবি আদায় করে নেওয়ার কথাও জানান জামায়াত আমির।

এর আগে সকাল ৭টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

লংমার্চের নির্ধারিত রুটে কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মিরসরাইয়ে পথসভা হবে। এরপর চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

এমইউ
আরও পড়ুন