বিদেশে কিছু পেলে ১০% দিয়েন: আসিফ মাহমুদ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে কমিশন গ্রহণ ও বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদকের এমন সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন এনসিপির এই নেতা।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

এর আগে বিগত অন্তর্বর্তী সরকার আমলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কমিশন গ্রহণ, ডিসি পদায়নে অর্থ লেনদেন এবং বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ উঠে আসিফ মাহমুদের বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার কথা রোববার নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

অভিযোগ অনুযায়ী, দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করে সেখানে বিলাসবহুল ভিলা কেনা ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। তার দুই বোনজামাই ও ভাগ্নের মাধ্যমে বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে। দুদকের নথিতে বলা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। এ কারণে অভিযোগটি দুদকের প্রধান কার্যালয়ের সঙ্গে সংযুক্ত করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দেন আসিফ মাহমুদ। শুরুতে তিনি যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে ২০২৪ সালের নভেম্বরে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। বর্তমানে তিনি দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেএম
আরও পড়ুন