একের পর এক ধর্ষণের ঘটনায় গণতন্ত্র মঞ্চের উদ্বেগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১১ এএম

একের পর এক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, দেশে আইন, বিচার, নৈতিকতা-সবকিছু ভেঙে পড়ছে। ক্ষমতাসীনেরা যা ইচ্ছা তা-ই করার লাইসেন্স পাচ্ছে। অপরাধ করে শুধু তারা পারই পাচ্ছে না, বরং অপরাধ করার ক্ষমতাকে উদযাপন করছে। এগুলো আসলে রাষ্ট্রীয়ভাবে জবাবদিহিহীন ক্ষমতার পার্শ্বপ্রতিক্রিয়া।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সভায় তারা এসব কথা বলেন ।

সারা দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, এমন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের কিংবা ক্ষমতার সঙ্গে যাদের যোগসাজশ আছে। নোয়াখালীর সুবর্ণচরে আবারও গৃহবধূ ও তার ১২ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে। এছাড়া খুলনার ডুমুরিয়ায় উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ভুক্তভোগী মামলা করতে গেলে তাকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এমন সব ঘটনা একের পর এক সামনে আসছে।

তারা আরও বলেন, এসব ঘটনা বিচ্ছিন্ন মনে হলেও, তা আসলে বিচ্ছিন্ন নয়। দেশে জবাবদিহি ছাড়াই সরকারি দল নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করছে। তাদের ছায়াতলে থেকে ক্ষমতার উৎকট প্রকাশ হচ্ছে এসব ধর্ষণ।

সভায় গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান (মান্না), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

SN/SA
আরও পড়ুন