দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শনিবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে ‘ভারতের সাথে অসম চুক্তি-বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
সেলিমা রহমান বলেন, সবচেয়ে বড় ভয়াবহ হচ্ছে দেশের স্বাধীনতা হুমকির মুখে। আমরা এক অনিশ্চয়তার দিকে ছুটে চলছি। দেশের মানুষ ধুঁকে ধুঁকে মরছে।
তিনি বলেন, দেশের ন্যায়ভিত্তিক শাসন, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার, সম্পূর্ণভাবে সরকার ধ্বংস করে দিয়েছে। সাধারণ মানুষ কথা বলতে পারছেন না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নানা দিক থেকে আওয়াজ উঠছে। কোটা সংস্কারের আন্দোলন হচ্ছে। তাদের কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে বলেনি। তাদের বিবেক থেকে আন্দোলন করছে। কোটা সংস্কারে শিক্ষার্থীরা বলছে এই সরকারের উপর তাদের কোনো আস্থা নেই। শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। মেধার কোনো দাম নেই।
ঢাকার জলাবদ্ধতা প্রসঙ্গে সেলিমা রহমান বলেন, পত্রিকায় দেখলাম সিটি করপোরেশন কাজ না করে ৭০০ কোটি টাকা লুট করেছে। শুক্রবার ঢাকা শহর ডুবে গেল। কেন ডুববে না, আজকে খাল-নদী জলাশয় সবকিছু দখল করে নিয়ে রিসোর্ট, ঘর-বাড়ি নির্মাণ করেছে আওয়ামী লীগের মন্ত্রী-এমপি বা তাদের ঘনিষ্ঠ প্রভাবশালীরা। এমপি হলেই ৫-৬টা বাড়ি করতে হবে, কোটি কোটি টাকা আয় করতে হবে। এই হলো বাংলাদেশের অবস্থা।
বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসানের সভাপতিত্বে এবং ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখে- বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

