ইফতারের পর ধূমপানে হার্ট অ্যাটাকের ঝুঁকি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারের পরপরই অনেক ধূমপায়ী বিড়ি বা সিগারেটে আসক্ত হয়ে পড়েন। তবে চিকিৎসকদের মতে, খালি পেটে বা ইফতারের ঠিক পরেই ধূমপান শরীরের জন্য সাধারণ সময়ের চেয়েও বেশি মারাত্মক হয়ে দাঁড়ায়। পরোক্ষ বা প্রত্যক্ষ যেভাবেই হোক না কেন, ধূমপানের এই ক্ষতিকারক প্রভাব শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে।

শারীরিক যেসব ক্ষতি হতে পারে

ইফতারের পর ধূমপান করলে শরীরে তাৎক্ষণিকভাবে যেসব নেতিবাচক প্রভাব পড়ে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • তীব্র অ্যাসিডিটি: ধূমপান পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। এর ফলে গ্যাসট্রাইটিস বা পাকস্থলীতে তীব্র প্রদাহের সৃষ্টি হয়।
  • হৃদরোগের ঝুঁকি: সারাদিন রোজা রাখার পর হঠাৎ ধূমপান করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
  • ফুসফুসের প্রদাহ: ধূমপানের ফলে ফুসফুসের প্রদাহসহ নানাবিধ জটিল শারীরিক সমস্যার সৃষ্টি হয়।
  • স্নায়ুতন্ত্রের ঝুঁকি: জর্ডান ন্যাশনাল অ্যান্টি-স্মোকিং সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ শ্রেইম জানিয়েছেন, অতিরিক্ত ধূমপান ফুসফুস এবং স্নায়ুতন্ত্রকে উচ্চ ঝুঁকিতে ফেলে।

আসক্তি ত্যাগের শ্রেষ্ঠ সময়

বিশেষজ্ঞদের মতে, যারা ধূমপানে আসক্ত, তাদের জন্য এই আসক্তি বর্জন করার উপযুক্ত সময় হলো পবিত্র রমজান মাস। রোজার পবিত্রতা রক্ষা এবং ব্যক্তিগত শারীরিক সুস্থতা উভয় কারণেই ধূমপান ত্যাগ করা জরুরি।

যারা নিজের চেষ্টায় ধূমপান ছাড়তে পারছেন না, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ বা পেশাদার কাউন্সিলিং নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ধূমপান ত্যাগের মাধ্যমে একটি সুস্থ ও রোগমুক্ত জীবন গড়া সম্ভব।

NB/AHA
আরও পড়ুন