বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্টি দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।’ ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছাড় দেব না। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না।’
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, পেশি শক্তিমুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের সংস্কার প্রয়োজন, সে জন্য সংস্কারের গতি বাড়াতে হবে। অতি দ্রুত যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে।
পিলখানায় ৫৭জন সেনাকর্মকর্তা হত্যার কোনো বিচার হয়নি উল্লেখ করে, পিলখানার হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম, মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রব, মো. মোবারক হোসাইন, চাকসুর সাবেক ভিপি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ মাছুম মিয়ার বাবা মুহাম্মদ শাহীন মিয়া।

