প্রবীণ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এস এ খালেক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গাবতলীর মিরপুর শাহী মসজিদ পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হবে।
তিনি বিএনপির অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতিও ছিলেন। বিএনপির রাজনীতিতে এস এ খালেকের পথচলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। দলে যোগ দেওয়ার পর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এরপর ১৯৮৬ ও ১৯৮৮ সালে পরপর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন এস এ খালেক। পরে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

