বিএনপি আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—এটি বিএনপির দলীয় অবস্থান নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের কিছু কিছু নেতা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বক্তব্যে বলছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, দেশনেত্রী বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন। এটি তাঁর ব্যক্তিগত অভিমত হতে পারে। কিন্তু এটি আমাদের দলের অবস্থান নয়।
জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্য একটি অবাধ, সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
আগে স্থানীয় সরকার নাকি পরে জাতীয় সরকার—এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ নেওয়া উচিত নয় বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে তারাই নির্ধারণ করবে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচন কখন হবে।’
তিনি ২১শের চেতনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, যদি আবার কখনো কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো স্বৈরশাসকের উত্থান ঘটে, ২১শে ফেব্রুয়ারি আমাদের দামাল ছেলেদের দেশের জনগণকে রাজপথে নেমে লড়াই করতে উদ্বুদ্ধ করবে।

