ভারত শেখ হাসিনার দোসরদের বাগানবাড়ি: রিজভী 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা ছিল দস্যু দলের সরদারনি, যখন যা ইচ্ছে করেছে। 

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৩:৩৪ পিএম

ভারত শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

তিনি বলেন, ভারত হাসিনার মাধ্যমে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। ভারত যা মনে করতো হাসিনার মাধ্যমে তা করতো। ভারত মনে করতো হাসিনা তাদের একজন বিশ্বস্ত অনুগত। 

শুক্রবার (৭ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব বলেন। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা ছিল দস্যু দলের সরদারনি, যখন যা ইচ্ছে করেছে। 

ভারতের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ভারত আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ বিষয়ে আলোচনা করে, কেন? বাংলাদেশে সরকার নেই? এটি একটি স্বাধীন দেশ, এর একটি জাতীয় পতাকা, জাতীয় সংগীত আছে। তো বাংলাদেশ নিয়ে আপনার এতো মাথা ব্যথা কেন? বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সাথে আলোচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে? 

খালেদা জিয়ার মামলার প্রসঙ্গে তিনি বলেন, যে অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে সেই অভিযোগের সঙ্গে তার যোগাযোগই নেই, সংশ্লিষ্টতাই নেই। ওটার উপর শেখ হাসিনার ক্যাংগারু কোর্ট রায় দিয়ে দিল ৫ বছর। শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশ সম্পাদনা করেছেন আদালতের মাধ্যমে। 

নির্বাচন নিয়ে বিএনপি নেতা বলেন, কেউ কেউ বলছেন, এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না, এটা আরও পিছিয়ে দিতে হবে। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, সরকার সেখানে সহযোগিতা করবেন। সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তবে ডিসেম্বর কেন জুলাইয়ের মধ্যেও নির্বাচন করা সম্ভব। নির্বাচন নিয়ে গড়িমসি করা হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সন্দেহ জাগবে। 

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ। 

RA/JA
আরও পড়ুন