রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

পবিত্র রমজান মাসজুড়ে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে রমজান মাসে স্কুল খোলা রাখতে আর কোনো আইনি বাধা থাকছে না।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশের পর দিনই রাষ্ট্রপক্ষ এটি স্থগিতের আবেদন করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখার দাবিতে শিক্ষা সচিব ও প্রাথমিক শিক্ষা সচিবকে আইনি নোটিশ পাঠান আইনজীবী ইলিয়াস আলী মন্ডল।

নোটিশে উল্লেখ করা হয়েছিল, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকেই রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা একটি দীর্ঘকালীন প্রথা ও নীতি। সংবিধানের অনুচ্ছেদ ৩১ এবং ১৫২(১) অনুযায়ী প্রথা বা রীতিও আইনের মর্যাদা পায়। তাই রমজানে স্কুল খোলা রাখা অসাংবিধানিক।

রিট আবেদনে আরও যুক্তি দেওয়া হয়েছিল যে, কোমলমতি শিক্ষার্থীরা রোজা রেখে স্কুলে যাতায়াত করলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে, যা তাদের ধর্মীয় আচরণে বাধা সৃষ্টি করে। এছাড়া রমজানে স্কুল খোলা থাকলে শহরগুলোতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়, যা জনভোগান্তি বাড়ায়।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত