পবিত্র ঈদুল ফিতর শেষ হতে না হতেই মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ‘ঈদুল আজহা’ বা কোরবানির ঈদের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। ২০২৬ সালের ঈদুল আজহা কবে উদযাপিত হতে পারে, তার একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী মে মাসের শেষ সপ্তাহে এই উৎসব পালিত হতে পারে।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থাগুলোর বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ২০২৬ সালে পবিত্র ‘আরাফাত দিবস’ পালিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার)। সেই অনুযায়ী, পরদিন অর্থাৎ ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণত ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে যদি আরব আমিরাতে ২৭ মে ঈদ হয়, তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ২৮ মে (বৃহস্পতিবার)।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিল রেখে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে একই দিনে ঈদ পালিত হয়। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর।
পবিত্র ঈদুল আজহা মূলত আল্লাহর প্রতি নবী হজরত ইব্রাহিম (আ.)-এর অসীম আনুগত্য ও ত্যাগের স্মরণে পালিত হয়। মহান আল্লাহর আদেশে তিনি তার প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। সেই অনন্য ত্যাগের মহিমা ধরে রাখতে বিশ্বজুড়ে সামর্থ্যবান মুসলমানরা প্রতি বছর পশু কোরবানি দিয়ে থাকেন।

