ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট, দেশজুড়ে নানা কর্মসূচি

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে সরকার। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পালন হবে ঈদে মিলাদুন্নবী।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা জাতীয় ও রঙিন পতাকা এবং ‘কালিমা তায়্যিবা’ লেখা ব্যানারে সাজানো হবে। 

দেশের সব মসজিদে দোয়া মাহফিল এবং বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভার আয়োজন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানেও হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, সম্প্রীতি, সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা, হামদ-নাত, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন ওয়াজ মাহফিল, সেমিনার, কিরাত, হামদ-নাত ও আরবিতে খুতবা লেখা প্রতিযোগিতার আয়োজন করবে। বায়তুল মোকাররমের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বইমেলাও শুরু হবে।

এ ছাড়া হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও প্রবীণ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে যথাযথ মর্যাদায় দিবসটি উদ্‌যাপন করা হবে। শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হবে বিশেষ ব্যবস্থা।

AHA
আরও পড়ুন