অস্ট্রেলিয়ার আকাশ রক্তিম লাল, ধ্বংসের দ্বারপ্রান্তে পৃথিবী?

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম

পশ্চিম অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সপ্তাহান্তজুড়ে হঠাৎ করেই আকাশ গাঢ় রক্তিম রঙে রূপ নেয়, সৃষ্টি হয় এক অদ্ভুত ও প্রায় প্রলয়ঙ্কর পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুরো দিগন্তজুড়ে লাল আভা যা অনেকেই ‘কেয়ামতের আলামত’ বলে অভিহিত করেন। কেউ কেউ জলবায়ু পরিবর্তন বা অতিপ্রাকৃত কারণ নিয়েও জল্পনা শুরু করেন।

ঘটনাটি স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) বিশেষ করে শার্ক বে ও পিলবারা অঞ্চলে বেশি দেখা যায়, যেখানে দিগন্তজুড়ে আকাশ এক অস্বাভাবিক লাল আবরণে ঢেকে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই দৃশ্য যতটা রহস্যময় মনে হয়েছে, বাস্তবে তার ব্যাখ্যা পুরোপুরি বৈজ্ঞানিক।

এই অস্বাভাবিক রঙের মূল কারণ ছিল ঘূর্ণিঝড় ন্যারেলের প্রভাব। পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলের দিকে অগ্রসর হওয়ার আগে এটি শক্তিশালী ৩ থেকে ৪ ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে পরিণত হয়, যার সঙ্গে ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটারের বেশি গতির বাতাস ও ভারী বৃষ্টিপাত। তবে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে ঝড়ো বাতাস, যা ভূপৃষ্ঠ থেকে বিপুল পরিমাণ ধুলিকণা তুলে আকাশে ছড়িয়ে দেয়।

এই ধুলিকণাগুলোর বড় অংশই ছিল লৌহসমৃদ্ধ বিশেষ করে আয়রন অক্সাইড বা হেমাটাইট, যা স্বাভাবিকভাবেই লালচে রঙের। শুষ্ক অভ্যন্তরীণ অঞ্চল থেকে এই ধুলা বাতাসে ভেসে উঠে পুরো আকাশকে এক ধরনের প্রাকৃতিক ফিল্টারের মতো ঢেকে দেয়।

বৈজ্ঞানিকভাবে এই ঘটনাটি ব্যাখ্যা করা হয় আলোর বিচ্ছুরণ তত্ত্ব দিয়ে। সূর্যের আলো যখন ধুলিকণায় ভরা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন ছোট তরঙ্গদৈর্ঘ্যের নীল ও সবুজ আলো বেশি ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের লাল আলো প্রাধান্য পায়। ফলে আকাশে গাঢ় লাল বা রক্তিম আভা দেখা যায় যা অনেকটা মঙ্গলগ্রহের পরিবেশের মতো মনে হতে পারে।

সূত্র: টাইমস নাও নিউজ

AS/AHA
আরও পড়ুন