পৃথিবী ছেড়ে চাঁদের কক্ষপথের দিকে এগিয়ে যাওয়ার সময় এক বিশেষ ভিডিও কনফারেন্সে নিজেদের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। মহাকাশযান ‘ওরিয়ন’ থেকে পৃথিবীকে দেখে তারা বিস্ময় প্রকাশ করেছেন।
মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, মহাকাশ থেকে পুরো পৃথিবীকে এক নজরে দেখা যাচ্ছে। তিনি বলেন, 'এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত পুরো গোলকটি আমাদের চোখের সামনে। আমরা আফ্রিকা, ইউরোপ এবং স্পষ্টভাবে মেরুজ্যোতি (Northern Lights) দেখতে পেয়েছি। এটি ছিল আমাদের জীবনের সবচেয়ে দর্শনীয় মুহূর্ত, যা আমাদের চারজনকেই স্তব্ধ করে দিয়েছিল।'
নাসার মিশন কন্ট্রোল জানিয়েছে, সোমবার যখন ওরিয়ন মহাকাশযানটি চাঁদের পাশ দিয়ে উড়ে যাবে, তখন নভোচারীরা মহাকাশ থেকে এক বিরল সূর্যগ্রহণ প্রত্যক্ষ করবেন। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই গ্রহণে সূর্য চাঁদের আড়ালে ঢাকা পড়ে যাবে। এই সময় নভোচারীরা চাঁদের অন্ধকার পৃষ্ঠে উল্কাপাতের ঝলকানি এবং সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা ‘সোলার করোনা’ পর্যবেক্ষণ করবেন।
মিশনের পাইলট ভিক্টর গ্লোভার মহাকাশ থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'আমরা কে কোথা থেকে এসেছি বা দেখতে কেমন, সেটা বড় কথা নয়; আমরা সবাই এক মানুষ।' কমান্ডার ওয়াইজম্যান এই মিশনটিকে মানবজাতির জন্য একটি ‘বিশাল কর্মযজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন। সূত্র: বিবিসি
ইরানের 'সামরিক সক্ষমতা' নিয়ে মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য
