চীনে ১০০ রোবোট্যাক্সি অচল: যানজট ও জনভোগান্তি

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ এএম

চীনে চালকবিহীন ট্যাক্সি বা 'রোবোট্যাক্সি' বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে। দেশটির উহান শহরে প্রায় ১০০টি স্বয়ংচালিত ট্যাক্সি সিস্টেম বিভ্রাটের কারণে রাস্তার মাঝখানে হঠাৎ বন্ধ হয়ে যায়। 

গত ৩১ মার্চ (মঙ্গলবার) স্থানীয় সময় রাত ৯টার দিকে উহান শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।

প্রতিবেদন অনুযায়ী, কোনো যান্ত্রিক ত্রুটি নয় বরং কেন্দ্রীয় সার্ভার বা ক্লাউড সিস্টেমে কারিগরি বিভ্রাটের কারণে গাড়িগুলো একযোগে কমান্ড গ্রহণ করা বন্ধ করে দেয়। 

ফলে, গাড়িগুলোর দরজা স্বয়ংক্রিয় হওয়ায় এবং সিস্টেম লক হয়ে যাওয়ায় অনেক যাত্রী ভেতরে আটকা পড়েন। পরবর্তীতে জরুরি কারিগরি টিম ম্যানুয়ালি দরজা খুলে তাদের উদ্ধার করে।

রাস্তার মাঝখানে হুটহাট গাড়িগুলো থেমে যাওয়ায় কয়েক ঘণ্টা যানজট লেগে থাকে। অন্যান্য সাধারণ চালকরা রোবোট্যাক্সিগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনাটি স্বয়ংচালিত প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। হ্যাকিং বা সিস্টেম ফেইলিয়রের মাধ্যমে পুরো শহরের পরিবহন ব্যবস্থা স্থবির হওয়ার ঝুঁকি এখন স্পষ্ট।

রোবোট্যাক্সি পরিচালনাকারী প্রতিষ্ঠান Baidu (Apollo Go) জানিয়েছে, তারা দ্রুততার সাথে ত্রুটি শনাক্ত করেছে এবং ভবিষ্যতে এই ধরনের 'সিস্টেম গ্লিচ' এড়াতে তাদের অ্যালগরিদম ও ব্যাকআপ সার্ভার আপডেট করছে। 

স্থানীয় প্রশাসনও এই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিতে নতুন নীতিমালা তৈরির ঘোষণা দিয়েছে।

HN
আরও পড়ুন