আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিদ্র শনাক্ত, চলছে জরুরি মেরামতের কাজ

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:৩২ এএম

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দুটি সুক্ষ্ম ছিদ্র শনাক্ত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা 'রসকসমস'। 

শুক্রবার (৫ জুন) সংস্থাটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ছিদ্র ধরা পড়লেও মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা বর্তমানে কোনো ঝুঁকিতে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রসকসমস এক বিবৃতিতে জানায়, মহাকাশ স্টেশনের রুশ অংশের 'জভেজদা' (Zvezda) মডিউলের ট্রানজিশন চেম্বার কম্পার্টমেন্টে চাপ প্রয়োগের সময় বিশেষজ্ঞরা এই ত্রুটি বা ছিদ্রগুলো শনাক্ত করেন।

সংস্থাটি আরও জানায়, ইতিমধ্যে প্রথম ছিদ্রটি একটি বিশেষ বায়ুরোধী যৌগ (Airtight compound) দিয়ে সফলভাবে মেরামত করা হয়েছে। এছাড়া ট্রানজিশন চেম্বারের শঙ্কু আকৃতির অংশে থাকা দ্বিতীয় ছিদ্রটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

রসকসমসের বক্তব্য:

"বর্তমান পরিস্থিতিতে ক্রু এবং মহাকাশযানের অভ্যন্তরীণ সিস্টেমের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরের বায়ুচাপ সম্পূর্ণ স্থিতিশীল এবং পরিমিত মাত্রায় বজায় রয়েছে।"

সাধারণত মহাকাশে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র উল্কাপিণ্ড বা মহাজাগতিক আবর্জনার (Space debris) আঘাতে এই ধরনের সূক্ষ্ম ছিদ্রের সৃষ্টি হতে পারে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন রুশ মহাকাশ বিশেষজ্ঞরা।

HN
আরও পড়ুন