হোয়াটসঅ্যাপের নতুন প্রধান কে এই কুনাল?

আপডেট : ২৪ জুন ২০২৬, ১২:৫৮ পিএম

ভারতের স্টার্টআপ ও বিনিয়োগকারী মহলে কুনাল শাহ নামটি দীর্ঘদিন ধরেই বেশ পরিচিত। ফিনটেক (আর্থিক প্রযুক্তি) প্রতিষ্ঠান ‘ক্রিড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই বাড়াননি, বরং তার পডকাস্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মানুষের আচরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দর্শনের মতো নানা বিষয়ে আলোচনা করে এক বিশাল অনুসারী তৈরি করেছেন।

তবে এবার মেটা তাকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম ‘হোয়াটসঅ্যাপ’ এর বৈশ্বিক প্রধান হিসেবে নিযুক্ত করায় তিনি এক ধাক্কায় চলে এসেছেন বিশ্বমঞ্চের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মেটা কর্তৃক ক্রিড-এ ৯০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পর এই ঘোষণাটি এলো। এমন এক সময়ে কুনাল শাহকে দায়িত্ব দেওয়া হচ্ছে যখন হোয়াটসঅ্যাপ কেবল মেসেজিংয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে পেমেন্ট, ব্যবসায়িক সেবা এবং এআই-চালিত পণ্যের পরিধি বাড়ানোর চেষ্টা করছে।

বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারী থাকা এত বড় একটি গ্লোবাল প্ল্যাটফর্মের শীর্ষ নেতৃত্ব ভারতের নিজস্ব স্টার্টআপ ইকোসিস্টেম থেকে উঠে আসা কোনো প্রতিষ্ঠাতার হাতে যাওয়ার ঘটনা বেশ বিরল। এর মাধ্যমে কুনাল শাহ হতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপের নেতৃত্ব দেওয়া প্রথম ভারতীয়।

মুম্বাইয়ে বেড়ে ওঠা কুনাল শাহ কোনো এলিট ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেননি, বরং কলেজে তার বিষয় ছিল দর্শন। পারিবারিক ব্যবসা আর্থিক সংকটে পড়ায় ফুল-টাইম কাজ করার সুবিধার্থে তিনি সকালের শিফটের এই বিষয়টি বেছে নিয়েছিলেন। ছাত্রাবস্থায় ছোটখাটো অনেক কাজও করেছেন তিনি। পরে ২০১০ সালে ভারতের ইন্টারনেট অর্থনীতির শুরুর দিকে তিনি মোবাইল রিচার্জ প্ল্যাটফর্ম ‘ফ্রিচার্জ’ সহ-প্রতিষ্ঠা করেন, যা ২০১৫ সালে বড় অঙ্কের চুক্তিতে ই-কমার্স প্রতিষ্ঠান ‘স্ন্যাপডিল’ কিনে নেয়।

২০১৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ক্রিড’, যা ক্রেডিট কার্ডের বিল সময়মতো পরিশোধের জন্য গ্রাহকদের পুরস্কৃত করার মডেল নিয়ে কাজ শুরু করে। মেটার সাম্প্রতিক বিনিয়োগের পর ক্রিড-এর বর্তমান মূল্যায়ন দাঁড়িয়েছে প্রায় ৪.৫ বিলিয়ন ডলারে।

কুনাল শাহের এই নিয়োগ নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সমালোচকদের মতে, ক্রিড-এর আকর্ষণীয় বিজ্ঞাপন ও দ্রুত প্রবৃদ্ধি থাকলেও প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী মুনাফা অর্জনের পথ নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে তার সমর্থকেরা মনে করেন, তিনি ঝুঁকি নিয়ে কর্মসংস্থান তৈরি করেছেন এবং রেগুলেটরি জটিলতার সাথে প্রোডাক্ট ডিজাইনের দারুণ সমন্বয় করতে পারেন।

মেটা প্রধান মার্ক জাকারবার্গ কুনাল শাহের "বিল্ডার মেন্টালিটি" (তৈরি করার মানসিকতা) এবং "বৈশ্বিক দৃষ্টিভঙ্গি"-র প্রশংসা করেছেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কুনাল শাহকে কেবল ফিনটেক বা পেমেন্ট এক্সপার্ট হিসেবে দেখা ঠিক হবে না; মূলত কনজিউমার বিহেভিয়ার (গ্রাহকের আচরণ) বোঝা এবং একটি বড় ব্যবসাকে স্কেল বা বড় করার দক্ষতার কারণেই মেটা তাকে বেছে নিয়েছে। ক্রিড-এ যেখানে তিনি কেবল আর্থিকভাবে সচ্ছল ও প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের নিয়ে কাজ করেছেন, এখন হোয়াটসঅ্যাপে তাকে সামলাতে হবে বিশ্বের কোটি কোটি সাধারণ মানুষের বৈচিত্র্যময় চাহিদা। সূত্র: বিবিসি

YA
আরও পড়ুন