চেহারা অপরিবর্তিত রেখে এআই দিয়ে ছবি এডিটের কৌশল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

ছবির পোশাক, পটভূমি কিংবা পুরো পরিবেশ বদলে ফেলতে এখন আর জটিল ফটো এডিটিং সফটওয়্যার শেখার প্রয়োজন নেই। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন টুলে নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পট দিয়েই কয়েক মুহূর্তে ছবিতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। তবে এআই দিয়ে ছবি সম্পাদনার ক্ষেত্রে একটি সমস্যা প্রায়ই দেখা যায় ছবির অন্য অংশ বদলাতে গিয়ে ব্যক্তির চেহারাতেও অনাকাঙ্ক্ষিত পরিবর্তন চলে আসে।

মুখের গড়ন, চোখ, নাক, ঠোঁট কিংবা ত্বকের স্বাভাবিক বৈশিষ্ট্য বদলে গেলে সম্পাদিত ছবিটি সহজেই কৃত্রিম মনে হতে পারে। কিছু বিষয় মাথায় রেখে প্রম্পট তৈরি করলে এ ধরনের সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।

উচ্চমানের ছবি ব্যবহার করুন

এআই দিয়ে ছবি সম্পাদনার আগে পরিষ্কার ও উচ্চমানের ছবি বেছে নেওয়া জরুরি। ছবিতে মুখ যত স্পষ্ট থাকবে, এআই টুলও তত ভালোভাবে মুখের বৈশিষ্ট্য শনাক্ত করে ধরে রাখতে পারবে।

ঝাপসা, কম রেজল্যুশনের বা অতিরিক্ত অন্ধকার ছবিতে এআইয়ের জন্য মুখের সূক্ষ্ম বৈশিষ্ট্য শনাক্ত করা কঠিন হয়। ফলে সম্পাদনার সময় চোখ, নাক, ঠোঁট কিংবা মুখের গড়নে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে।

কী পরিবর্তন চান, তা স্পষ্ট করে লিখুন

এআইকে শুধু ‘ছবিটি সুন্দর করে দিন’ বললে টুল নিজের মতো করে ছবির বিভিন্ন অংশে পরিবর্তন আনতে পারে। তাই কোন অংশে পরিবর্তন চান এবং কোন অংশ অপরিবর্তিত রাখতে চান, সেটি প্রম্পটে পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত।

যেমন বলা যেতে পারে, ‘শুধু পটভূমি পরিবর্তন করুন। ব্যক্তির মুখের গড়ন, চোখ, নাক, ঠোঁট, ত্বকের স্বাভাবিক বৈশিষ্ট্য এবং পরিচয় অপরিবর্তিত রাখুন।’

এভাবে নির্দেশ দিলে এআইয়ের কাছে ছবির নির্দিষ্ট অংশে পরিবর্তন আনা এবং ব্যক্তির মুখ অক্ষুণ্ন রাখার বিষয়টি স্পষ্ট হয়।

মুখ ও ব্যক্তির পরিচয় সংরক্ষণের নির্দেশ দিন

অনেক এআইভিত্তিক ছবি সম্পাদনা টুলে ব্যক্তির মুখ ও পরিচয় অপরিবর্তিত রাখার নির্দেশ দেওয়া যায়। প্রম্পটে স্পষ্টভাবে উল্লেখ করা যেতে পারে যে ব্যক্তির পরিচয়, মুখের গঠন ও স্বাভাবিক বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন করা যাবে না।

প্রয়োজনে বয়স, চুলের ধরন, মুখের আকৃতি ও মুখের অভিব্যক্তিও অপরিবর্তিত রাখার নির্দেশ দেওয়া যায়। এতে কাঙ্ক্ষিত পরিবর্তন করার পাশাপাশি মূল ব্যক্তির চেহারা ধরে রাখার সম্ভাবনা বাড়ে।

একবারে সবকিছু পরিবর্তন করবেন না

একসঙ্গে পোশাক, পটভূমি, চুল, আলো ও পরিবেশ বদলানোর নির্দেশ দিলে এআইয়ের ভুল করার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তাই ধাপে ধাপে ছবি সম্পাদনা করা তুলনামূলকভাবে কার্যকর।

প্রথমে শুধু পটভূমি পরিবর্তন করে দেখা যেতে পারে। এরপর প্রয়োজন অনুযায়ী আলো, পোশাক বা পরিবেশে পরিবর্তন আনা যায়। এতে প্রতিটি ধাপে মূল চেহারা ঠিক আছে কি না, সেটিও যাচাই করা সহজ হয়।

সম্পাদিত ছবি ভালোভাবে যাচাই করুন

এআই দিয়ে ছবি সম্পাদনার পর সেটি ভালোভাবে পরীক্ষা করা জরুরি। বিশেষ করে চোখ, নাক, ঠোঁট, ত্বকের দাগ এবং মুখের অন্যান্য স্বাভাবিক বৈশিষ্ট্য আগের মতো আছে কি না, তা জুম করে দেখা উচিত।

শুধু মুখ নয়, হাত, আঙুল, শরীরের গঠন ও বিভিন্ন অঙ্গের অনুপাতেও অস্বাভাবিক পরিবর্তন এসেছে কি না, সেটি খেয়াল করা দরকার। এআই অনেক সময় এসব সূক্ষ্ম বিষয়েও ভুল করতে পারে।

সবশেষে মনে রাখা দরকার, এআই প্রযুক্তি যত উন্নতই হোক, প্রতিবার মূল ছবির প্রতিটি বৈশিষ্ট্য নিখুঁতভাবে ধরে রাখতে পারে না। বিশেষ করে ব্যক্তিগত ছবি সম্পাদনার ক্ষেত্রে কোন প্ল্যাটফর্মে ছবি আপলোড করা হচ্ছে এবং সেই সেবা ছবিটি বা ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহার করে, সে বিষয়েও সতর্ক থাকা জরুরি। 

ব্যবহার করতে পারেন এসব প্রম্পট-

রয়্যাল ব্ল্যাক লুক:

'Create a royal luxury portrait with a dark premium studio background. Keep my original face and identity exactly the same. Dress me in an elegant black outfit. Add warm golden rim lighting and cinematic shadows. Do not change my facial structure or identity.'

প্রফেশনাল প্রোফাইল ছবি:

'Create a clean professional headshot. Preserve my original face, identity, facial proportions, and natural appearance. Use a simple background, balanced lighting, and formal clothing. Avoid beauty filters, face reshaping, or artificial facial changes.'

বিচ ভ্যাকেশন লুক:

'Edit this image into a realistic luxury beach vacation photograph. Keep my original face and facial identity unchanged. Place me on a beautiful tropical beach during golden hour. Add stylish vacation clothing, natural sunlight, and professional travel photography.'

এএস
আরও পড়ুন