যে কারণে গুগলের 'এআই চিপ' কিনতে চায় ওপেনএআই

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সক্ষমতা বাড়াতে গুগলের তৈরি বিশেষ চিপ কেনার পরিকল্পনা করছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রযুক্তি খাতে এআই কম্পিউটিংয়ের চাহিদা বাড়তে থাকায় বড় প্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করছে। এর মধ্যেই গুগলের চিপ কেনার পরিকল্পনার খবর সামনে এসেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের এআই চিপ কেনার পরিকল্পনা করছে ওপেনএআই। তবে এ চুক্তির সম্ভাব্য আর্থিক মূল্য বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে নিয়মিত কর্মঘণ্টার বাইরে রয়টার্সের পাঠানো প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি গুগল। অন্যদিকে, ওপেনএআই এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গুগলের চিপ কেনা হলে ওপেনএআই ও গুগলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হতে পারে। এআই পণ্য ও সার্চ ইঞ্জিনের বাজারে প্রতিষ্ঠান দুটি প্রতিদ্বন্দ্বী হলেও সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি হয়েছে। গত সপ্তাহেই ওপেনএআই জানিয়েছিল, গুগল ক্লাউডের মাধ্যমে তাদের উন্নত এআই মডেল ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

এনভিডিয়ার চিপের বিকল্প হিসেবে গুগলের টিপিইউ

ওপেনএআই বর্তমানে এনভিডিয়ার অন্যতম বড় গ্রাহক। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনা করে। তবে বিকল্প প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রচেষ্টাও চলছে।

গুগলের তৈরি টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) এ ক্ষেত্রে এনভিডিয়ার চিপের বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। তুলনামূলক কম খরচে এআই কম্পিউটিংয়ের সুযোগ খুঁজছে বিভিন্ন প্রতিষ্ঠান। সেই চাহিদার কারণে গুগলের টিপিইউ নিয়ে আগ্রহ বাড়ছে।

২০২৫ সালের জুনে রয়টার্স জানিয়েছিল, ওপেনএআই গুগলের এআই চিপ ভাড়া নেওয়া শুরু করেছে। এবার চিপ কেনার পরিকল্পনার খবর প্রকাশিত হলে গুগলের সঙ্গে ওপেনএআইয়ের প্রযুক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ বছর থেকে গুগল কিছু গ্রাহকের কাছে সরাসরি টিপিইউ বিক্রি শুরু করেছে। প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকসহ বিভিন্ন গ্রাহকের সঙ্গে চুক্তি গুগলের এসব চিপের চাহিদা বাড়াতে ভূমিকা রেখেছে।

এআই অবকাঠামোয় ৬০০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা

এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করছে। অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট চলতি বছরে সম্মিলিতভাবে এআই অবকাঠামোয় সর্বোচ্চ ৬০০ বিলিয়ন ডলার ব্যয় করতে পারে বলে পরিকল্পনা রয়েছে।

তবে এ বিপুল বিনিয়োগ থেকে কবে উল্লেখযোগ্য আয় আসবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন বাড়ছে। বিশেষ করে ক্লাউড ব্যবসায় এআই বিনিয়োগ কতটা প্রবৃদ্ধি তৈরি করছে, সেদিকে নজর রাখছেন তাঁরা।

অ্যালফাবেট বুধবার তাদের ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশ করবে। এ প্রতিবেদনে বিনিয়োগকারীরা গুগলের ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধি এবং এআই খাতে বড় অঙ্কের ব্যয়ের প্রভাব সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করবেন।

অ্যালফাবেটের প্রধান আর্থিক কর্মকর্তা আনাত আশকেনাজি এর আগে জানিয়েছিলেন, টিপিইউ বিক্রির চুক্তি থেকে চলতি বছরের শেষ নাগাদ অল্প পরিমাণ আয় হিসাবভুক্ত করা শুরু হতে পারে। তবে এসব চুক্তির বেশির ভাগ আয় ২০২৭ সালে হিসাবভুক্ত হওয়ার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

নিজস্ব এআই চিপ তৈরিতেও এগোচ্ছে ওপেনএআই

অন্যদিকে, নিজেদের এআই চিপ তৈরির উদ্যোগও নিয়েছে ওপেনএআই। গত জুনে প্রতিষ্ঠানটি ব্রডকমের সঙ্গে যৌথভাবে নকশা করা তাদের প্রথম নিজস্ব এআই চিপের কথা জানায়। একাধিক প্রজন্মের চিপ তৈরির পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ এ প্রসেসর ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

গুগলের টিপিইউ কেনার পরিকল্পনা এবং নিজস্ব চিপ তৈরির উদ্যোগ—দুটিই এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ওপেনএআইয়ের কৌশলের অংশ হতে পারে। তবে গুগলের চিপ কেনার পরিকল্পনা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: রয়টার্স

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত