একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় কী বড় কোনো সাইবার হামলার আশঙ্কা?

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম

প্রথমে বন্ধ হয়ে যায় মাইক্রোসফটের ইমেইল সেবা আউটলুক। এরপর যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখতে হয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ)। জেপি মরগ্যান চেজ ব্যাংকের প্রযুক্তি ব্যবস্থায়ও দেখা দেয় সমস্যা। সর্বশেষ কম্পিউটার ব্যবস্থায় বিপর্যয়ের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)। অল্প সময়ের ব্যবধানে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে এমন প্রযুক্তিগত সমস্যার ঘটনায় জনমনে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি।

সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে পুরোনো কিছু সাইবার হামলার তথ্যও নতুন করে আলোচনায় আসছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের কয়েকটি পানি সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটে। এসব হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল।

গত মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টগুলো পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তাব্যবস্থায় কিছু দুর্বলতা শনাক্ত করে। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ইন্টারনেট অবকাঠামোয় এই ভাষা ব্যবহৃত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের অন্তত তিন দিন চলার মতো পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেন।

একটির পর একটি প্রযুক্তিগত বিপর্যয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যালগরিদমের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে কেউ একবার প্রযুক্তিগত ত্রুটি নিয়ে খবর খুঁজতে শুরু করলে তার সামনে একই ধরনের আরও খবর আসতে থাকে। সিএনএনের ব্রায়ান স্টেলটার এ বিষয়টি তুলে ধরেছেন।

তবে সব ঘটনাকে নিছক প্রযুক্তিগত ত্রুটি বলে উড়িয়ে দেওয়ার সুযোগও নেই। সিএনএনের জন মিলারের বিশ্লেষণ অনুযায়ী, কোনো ঘটনা সাধারণ প্রযুক্তিগত ত্রুটি, নাকি পরিকল্পিত সাইবার হামলা—তা আলাদা করে বোঝা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

ইন্টারনেটের বাইরেও বিশ্বজুড়ে অস্থিরতার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সোমবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ডার্টি বোমা বিস্ফোরণের সক্ষমতা নিয়ে ইরান চিন্তাভাবনা করেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘ফরট্রেস আমেরিকা’ নামে একটি নতুন প্রস্তুতি কর্মসূচি চালু করেন। এর লক্ষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে আরও শক্তিশালী ও জ্বালানির ক্ষেত্রে স্বনির্ভর করে তোলা।

মঙ্গলবার মার্কিন সরকার জরুরি সম্প্রচারব্যবস্থার পূর্বনির্ধারিত পরীক্ষাও চালায়। এটি কেবল নিয়মিত পরীক্ষা হলেও অনিশ্চিত পরিস্থিতির মধ্যে মানুষের উদ্বেগ বাড়িয়েছে। ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়া ঠেকাতে নির্বাচন-পরবর্তী সময়ে পরীক্ষাটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।

এসব ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র নেই। তবে প্রতিটি ঘটনাই মনে করিয়ে দিচ্ছে, আধুনিক বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ সেবা ও অবকাঠামো এখন ইন্টারনেটের ওপর নির্ভরশীল। ফলে প্রযুক্তিগত ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দিলে তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে বহু ক্ষেত্রে।

সন্দেহ ও তদন্তের দাবি আইনপ্রণেতাদের

গত এক সপ্তাহে মাইক্রোসফট থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার যোগাযোগব্যবস্থা পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সমস্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিস ট্রাম্প প্রশাসনের কাছে এসব ঘটনা সম্পর্কে কংগ্রেসকে বিস্তারিত জানানোর দাবি জানিয়েছেন। তাঁর প্রশ্ন, এসব ঘটনার পেছনে কোনো শত্রুভাবাপন্ন পক্ষের হাত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। যদিও এখন পর্যন্ত কোনো ঘটনায় সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

জেফরিস বলেন, মাইক্রোসফটের সমস্যা হয়েছে, দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখতে হয়েছে। এখন এনএসএর উচ্চপর্যায়ের গোপন সার্ভার নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয়ে প্রশাসনের উচিত কংগ্রেসের সামনে এসে ব্যাখ্যা দেওয়া। এ জন্য দুই দলের প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের নিয়ে ব্রিফিংয়ের দাবি জানিয়েছেন তিনি।

ওকলাহোমার রিপাবলিকান সিনেটর জেমস ল্যাংফোর্ডও ঘটনাগুলোর তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। ফক্স নিউজকে তিনি বলেন, একের পর এক এতগুলো ঘটনা ঘটলে সেগুলোকে সাধারণ প্রযুক্তিগত ত্রুটি ধরে নেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ ব্যবস্থায় চীনের অনুপ্রবেশের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

ট্রাম্পের দাবি, সবই স্বাভাবিক ঘটনা

প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনাগুলো নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা বাড়লেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেমন কিছু দেখছেন না। বরং মঙ্গলবার ফিলিপাইন সফরের সময় সাংবাদিকদের তিনি বলেন, বড় ও শক্তিশালী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। এটি জীবনেরই অংশ।

অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন, তাঁর পরিচিত অনেকেই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে জানতে চেয়েছেন, তাঁদের কি নিরাপদ আশ্রয় তৈরি করা বা খাবার ও পানি মজুত করা উচিত।

সোমবার ফক্স নিউজকে ভ্যান্স বলেন, তাঁর উত্তর হলো—না, সরকার সামনে কোনো সংকট আসছে বলে মনে করছে না। তবে একই সঙ্গে তিনি বলেন, সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার পেছনে একটি রাউটারের ভূমিকা কী ছিল, তা তদন্তে এফবিআইয়ের একটি দলকে যুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অসৎ উদ্দেশ্য বা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি জানান।

শুক্রবারের দেশব্যাপী ফ্লাইট বন্ধের ঘটনাকে খুব বেশি উদ্বেগজনক মনে করেননি স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন। সপ্তাহান্তে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চলার মধ্যেই তিনি সরকারি বিমানে চড়ে টেক্সাস-এলএসইউ ফুটবল ম্যাচ দেখতে যান। সেখানে একটি কোম্পানির প্রধানের বিলাসবহুল অতিথিকক্ষে তাঁকে দেখা যায়। ওই কোম্পানি গত বছর যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ২২০ কোটি ডলারের একটি চুক্তি পেয়েছিল।

ষড়যন্ত্রের চেয়ে অব্যবস্থাপনাই বেশি দায়ী?

সিএনএনের প্রযুক্তিবিষয়ক সাংবাদিক ও বিশ্লেষক জ্যাকব ওয়ার্ড সাম্প্রতিক ঘটনাগুলোকে একটি বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখার বিষয়ে সতর্ক করেছেন। মঙ্গলবার সিএনএনে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে মানুষ ষড়যন্ত্র খুঁজলেও তাঁর অভিজ্ঞতায় এসব সমস্যার পেছনে অদক্ষতা ও অব্যবস্থাপনাই বেশি দেখা যায়।

তাঁর মতে, এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র থাকলেও তা হতে পারে পুরোনো প্রযুক্তি অবকাঠামোর ওপর ক্রমবর্ধমান চাপ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরোনো ব্যবস্থার ওপর নির্ভর করেই আরও বেশি কাজ করতে হচ্ছে। ফলে নিয়মিত কোনো প্রযুক্তিগত উন্নয়ন বা সংস্কার করতে গেলেও পুরো ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে।

এর সঙ্গে যুক্ত হয়েছে এআইয়ের ক্রমবর্ধমান সক্ষমতা। এর ভালো দিক যেমন রয়েছে, তেমনি অপব্যবহারের ঝুঁকিও বাড়ছে। উদাহরণ হিসেবে তিনি অ্যানথ্রপিকের একটি সতর্কবার্তার কথা উল্লেখ করেন। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ইয়েমেনের একটি সামরিক গোষ্ঠী তাদের ক্লড এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের নির্দেশনা ব্যবস্থা তৈরির চেষ্টা করছিল।

ওয়ার্ডের মতে, এখন বড় ধরনের ক্ষতি করতে আগের মতো বেশি প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয় না। ফলে প্রযুক্তির সহজলভ্যতা নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ের কারণ কী?

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক সমস্যাগুলোর কারণ সম্পর্কে আলাদা ব্যাখ্যা দিয়েছে। এনএসএ জানিয়েছে, তাদের কম্পিউটার ব্যবস্থার বিপর্যয়ের পেছনে সাইবার হামলার প্রমাণ নেই। একাধিক বিকল্প ব্যবস্থা থাকায় সংস্থাটির গুরুত্বপূর্ণ কার্যক্রমও ব্যাহত হয়নি। তবে মঙ্গলবার কর্মীদের আগমন বিভিন্ন সময়ে ভাগ করে দেওয়া হয়েছিল, যাতে ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

এফএএর দেশব্যাপী ফ্লাইট বন্ধের ঘটনা তদন্তে দেখা গেছে, পুরোনো তামার তারের বদলে ফাইবার অপটিক কেবল বসানোর কাজ এবং আরকানসাসে একটি ত্রুটিপূর্ণ রাউটারের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি হয়েছিল।

চেজ ব্যাংক জানিয়েছে, তাদের কিছু গ্রাহকের সেবা ব্যাহত হওয়ার কারণ ছিল সফটওয়্যারের ত্রুটি। আর মাইক্রোসফটের ভাষ্য, নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর কাজ করতে গিয়ে সমস্যার সৃষ্টি হওয়ায় তাদের ইমেইল সেবা বন্ধ হয়ে যায়।

প্রতিষ্ঠানগুলোর দেওয়া ব্যাখ্যাগুলো বিশ্বাসযোগ্য মনে হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত উদ্বেগজনক খবর দেখতে থাকা মানুষের মধ্যে তা কতটা আশ্বস্ত করতে পারবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সূত্র: সিএনএন

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত