বেলজিয়ামের বিপক্ষে আত্মঘাতী গোলে ‘ড্র’ মিসরের

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৩:৫৬ এএম

বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচজুড়ে দুর্দান্ত ফুটবল খেলেও মোহাম্মদ হানির আত্মঘাতি গোলে দুই পয়েন্ট হারাতে হয়েছে তাদের! ফলে ১-১ গোলে সমতায় থেকে ম্যাচ শেষ হয়।

মোহাম্মদ সালাহর মিসরকে ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়। অন্যদিকে রোমেলু লুকাকুকে ছাড়াই মাঠে নামে বেলজিয়াম। 

ম্যাচের ১৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ইমান আশুর বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বেলজিয়ামের জাল কাঁপান। আন্তর্জাতিক ফুটবলে এটি তার প্রথম গোল।

গোলের পর আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে মিসর। বেলজিয়াম বলের দখল বেশি রাখলেও আফ্রিকার দলটির সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ১–০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় তারা। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিসর।

বিরতির পর ম্যাচে সমতা ফেরানোর জন্য চাপ বাড়ায় বেলজিয়াম। ৫৩ মিনিটে কেভিন ডি ব্রুইনা ফ্রি-কিক থেকে আঘাত হানে মিসরের পোস্টে। ভাগ্য সহায় হলে হয়তো তখনই সমতায় ফিরতে পারত ইউরোপের দলটি।

তবে অপেক্ষা খুব বেশি দীর্ঘ হয়নি। ম্যাচের ৬৬ মিনিটে অবশেষে সমতায় ফেরে বেলজিয়াম, যদিও গোলটি আসে কিছুটা অপ্রত্যাশিতভাবে। 

আত্মঘাতী গোলেই ১–১ সমতায় ফেরে বেলজিয়াম। চলতি বিশ্বকাপে এটি তৃতীয় আত্মঘাতী গোল। দীর্ঘ সময় এগিয়ে থাকার পর এক মুহূর্তের ভুলে মিসর হারায় তাদের মূল্যবান লিড, আর নতুন করে জমে ওঠে ম্যাচের লড়াই।

HN
আরও পড়ুন