কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেকের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:১২ পিএম

বাংলাদেশের ক্রীড়াঙ্গন আজ শোকাহত। কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেক আর নেই। শনিবার (২০জুন) সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে বাদ আসর। দ্বিতীয় জানাজা হবে রোববার সকাল সাড়ে ১০টায় বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে।

আবদুস সাদেক ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় হিসেবে তিনি ইউরোপ সফরে অংশ নেন এবং মাঠে ক্যারিশমা দেখিয়ে দ্রুত পরিচিত হয়ে ওঠেন। স্বাধীনতার পরও তিনি জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দেন। ফুটবলেও তার অবদান অনন্য—ঢাকা আবাহনীর প্রথম ফুটবল অধিনায়ক ছিলেন তিনি।

১৯৭৭ সালে আবাহনীর প্রশিক্ষকের দায়িত্ব নিয়ে ইতিহাস সৃষ্টি করেন সাদেক। তার নেতৃত্বে আবাহনী অপরাজিত চ্যাম্পিয়ন হয়, যা ছিল স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো কোনো দলের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার বিরল রেকর্ড। পরবর্তীতে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে তিনি হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হন এবং তার প্রচেষ্টায় ১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হয়।

১৯৭৭-৭৮ মৌসুমে প্রথম জাতীয় হকি দল গঠিত হলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেন তিনি। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে অংশ নেওয়া জাতীয় হকি দলের অধিনায়কও ছিলেন সাদেক।

বাংলাদেশের ক্রীড়ায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। তার পরিবারও ক্রীড়াঙ্গনে সক্রিয়—ছোট ভাই আহমেদ আকবর সোবহান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং বড় ছেলে ইশতিয়াক সাদেক টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা।

আবদুস সাদেকের বিদায়ে দেশের ক্রীড়াঙ্গন হারালো এক মহীরুহ, যিনি ছিলেন একাধারে খেলোয়াড়, প্রশিক্ষক ও সংগঠক। তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Attr/AHA
আরও পড়ুন