বিশ্বকাপে বড় প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল মরক্কো। তবে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের কাছে ২-০ গোলের পরাজয়ে তাদের অভিযান থেমে গেছে। ম্যাচ শেষে মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, তাঁর দল সর্বোচ্চ চেষ্টা করেছে। পরাজয়ের হতাশা থাকলেও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে তিনি গর্বিত এবং ভবিষ্যতে আরও উন্নতির ওপর জোর দিয়েছেন।
গত রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ২-০ গোলে হারে মরক্কো। শুরু থেকেই কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলেদের নেতৃত্বে ফরাসি আক্রমণের চাপ সামলাতে হিমশিম খেতে হয় উত্তর আফ্রিকার দলটিকে। উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতেও ব্যর্থ হয় তারা। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও একই ব্যবধানে ফ্রান্সের কাছেই পরাজিত হয়েছিল মরক্কো।
ম্যাচ শেষে সাংবাদিকদের ওয়াহবি বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের মাথা উঁচু রাখতে বলেছি। কারণ আমরা আমাদের সবটুকু উজাড় করে দিয়েছি, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তবে আমাদের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। আরও উন্নতির জন্য সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘শুধু নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সে জন্য বস্তুনিষ্ঠভাবে নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করতে হবে এবং সেগুলো থেকে শিক্ষা নিতে হবে।’
ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে মরক্কো কোচ বলেন, প্রথমার্ধে ফ্রান্স বলের নিয়ন্ত্রণ ধরে রেখে দুই প্রান্ত ও মাঝমাঠ থেকে ধারাবাহিক চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে বল দখলে পেলেও মরক্কো দ্রুত আক্রমণে রূপান্তর ঘটাতে পারেনি।
ওয়াহবির ভাষায়, ‘প্রথমার্ধটি আমাদের জন্য খুব কঠিন ছিল। ফরাসিরা বল পায়ে অসাধারণ খেলেছে। আমাদের ট্রানজিশন ভালো হয়নি। ফলে আমাদের বেশি দৌড়াতে হয়েছে, যা শেষ পর্যন্ত তাদেরই সুবিধা এনে দিয়েছে।’
ফ্রান্সের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তিনি বলেন, ‘তারা একটি দুর্দান্ত দল। তাদের দারুণ সব খেলোয়াড় রয়েছে এবং তারা আমাদের তুলনায় বেশি মানসম্মত গোলের সুযোগ তৈরি করেছে। আমাদের পরিকল্পনার ঘাটতি ছিল। বলের নিয়ন্ত্রণ পেলেও তা কাজে লাগানোর মতো সতেজতা ছিল না। এই পরাজয় আমাদের মেনে নিতেই হবে।’
পরাজয়ের পরপরই মূল্যায়ন করা কঠিন উল্লেখ করে ওয়াহবি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার এত দ্রুত পর কথা বলা সহজ নয়। তবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানোর পর শুধুই আক্ষেপ নিয়ে বসে থাকাও ঠিক হবে না।’
২০৩০ সালের বিশ্বকাপ স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে মরক্কো। সেই বাস্তবতায় ভবিষ্যতের প্রস্তুতি নিয়েও আশাবাদী দেশটির কোচ।
ফ্রান্স শিরোপা জিতবে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করতে চাননি ওয়াহবি। তবে ফরাসি দলের সামর্থ্যের প্রশংসা করে তিনি বলেন, ‘তাদের ফাইনালে ওঠার এবং ট্রফি জেতার সব যোগ্যতা রয়েছে। এখন সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্পেন অথবা বেলজিয়াম। আমি আশা করি, সেটি যেন বেলজিয়াম হয়।’
৫ ভুলে কোয়ার্টারেই থামলো মরক্কোর বিশ্বকাপ স্বপ্ন
মরক্কোকে ২ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
প্রথমার্ধে ফরাসি দাপট, বুনু বীরত্বে গোলশূন্য বিরতি