দাবা অলিম্পিয়াডে সিরিয়াকে হারালো বাংলাদেশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

উজবেকিস্তানের সমরকন্দে চলমান ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে সিরিয়াকে ৪-০ গেম পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ দল।

সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ জয় পান। তারা যথাক্রমে সিরিয়ার ফিদে মাস্টার চেখ আদম খেদর আরাম, ফিদে মাস্টার ফান্ডি মাজেন, বরক রোদি ও আন্তর্জাতিক মাস্টার আলজাইম তালালকে পরাজিত করেন।

তবে নারী বিভাগে বাংলাদেশের জন্য দিনটি ভালো যায়নি। শক্তিশালী ক্রোয়েশিয়ার কাছে ১-৩ গেম পয়েন্টে হেরেছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের পক্ষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ড্র করেন। অন্যদিকে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ পরাজিত হন। ছয় রাউন্ড শেষে ওপেন বিভাগে বাংলাদেশের সংগ্রহ ৮ পয়েন্ট। নারী বিভাগে বাংলাদেশ পেয়েছে ৬ পয়েন্ট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সপ্তম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ জর্জিয়া। আর নারী বিভাগে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় সমরকন্দে অনুষ্ঠিত ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশের ওপেন ও নারী দলকে আর্থিক সহায়তা দিয়েছে।

 

জেএম
আরও পড়ুন