বিদায়ী ম্যাচেও মেসির ম্যাজিক, আর্জেন্টিনার জয়

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ এএম

জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখলেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে দলকে উপহার দিলেন অসাধারণ এক জয়। মেসির জাদুকরী পারফরম্যান্সে প্রীতি ম্যাচে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পশরা সাজায় আলবিসেলেস্তেরা। কর্নার কিক থেকে চমৎকার হেডে প্রথম গোলটি করেন নিকোলাস ওতামেন্দি, যার নিখুঁত যোগানদাতা ছিলেন মেসি। এরপর ৩৯ বছর বয়সী এই খুদে জাদুকর বাড়িয়ে দেওয়া দারুণ পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন তরুণ তুর্কী নিকো পাজ।

দ্বিতীয়ার্ধে ডি-বক্সের ভেতরে অগাস্টিন গিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দলের তৃতীয় ও নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলটি নিশ্চিত করেন আলবিসেলেস্তে অধিনায়ক।

ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় আবেগ ধরে রাখতে পারেননি আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। দেশের হয়ে নিজের ২০৮তম ও শেষ ম্যাচে মাঠে নামার মুহূর্তে চোখের জলে ভিজতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে এই কিংবদন্তির দীর্ঘ ও গৌরবোজ্জ্বল ক্যারিয়ারকে শ্রদ্ধা জানাতে আয়োজিত হয় জমকালো বিদায় সংবর্ধনা।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত