শ্রীলঙ্কার টেস্টের নেতৃত্ব ছাড়লেন ধনঞ্জয়া

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পিএম

শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ধনঞ্জয়া ডি সিলভা। হঠাৎ করেই এমন ঘোষণা দিলেন ৩৩ বছর বয়সী ব্যাটার। অধিনায়কত্ব ছাড়লেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন ধনঞ্জয়া। ২০২৪ সালে নেতৃত্ব পেয়েছিলেন তিনি। সে সময় দিমুথ করুণারত্নের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

এক চিঠির মাধ্যমে নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ধনঞ্জয়া। নির্বাচক কমিটিকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার মনে হয়, পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সময় হয়েছে।’

ধনঞ্জয়াকে ধন্যবাদ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি)। এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেছেন, ‘টেস্ট নেতৃত্বের জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে তাকে ধন্যবাদ। সঙ্গে ক্যারিয়ারের বাকি সময়ের জন্যও তাকে শুভকামনা।’

প্রায় ২ বছরের মেয়াদে শ্রীলঙ্কাকে ১৮ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ধনঞ্জয়া। জয় পেয়েছে ৭ টেস্টে। আর ৩ ড্রয়ের বিপরীতে বাকি ৮ টেস্টে হারের সাক্ষী হয়েছে শ্রীলঙ্কা। নিজে অধিনায়কত্বের সময় ৩৬ দশমিক ৪৫ গড়ে ১১৩০ রান করেছেন। ৩ সেঞ্চুরির বিপরীতে অফস্পিনে নিয়েছেন ৯ উইকেট।

জেএম
আরও পড়ুন