ক্রীড়া প্রতিবেদক: আগামী ১৮ অক্টোবর ঢাকায় আসছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনালদিনহো।
এর আগে গত ২০২০ সালের জানুয়ারিতে প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বাংলাদেশ এসেছিলেন কিংবদন্তী গোলরক্ষক জুলিও সিজার। এবার দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে ঢাকা সফরে আসছেন আরেক কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে রোনালদিনহোর বাংলাদেশ সফরের খবর। বাংলাদেশের স্পোর্টস এনার্জি ড্রিংকস ব্রান্ড ব্রুভানার আয়োজনে বাংলাদেশে আসছেন রোনালদিনহো।
ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে এর আগে দুই প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলে ও দিয়েগো ম্যারাডোনা কলকাতা সফরে এসেছিল। গত জুলাইয়ে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজকেও ঢাকায় আনার নেপথ্য কারিগর ছিলেন এই বাঙালি ক্রীড়া উদ্যোক্তা। এবার রোনালদিনহোকেও বাংলাদেশে আনার পেছনে কাজ করছেন তিনি।

