নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে পাকিস্তান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্তের রেশ এখনও কাটেনি। পাকিস্তানের এমন ঘোষণার পর বিশ্ব ক্রিকেটে তৈরি হয়েছে বড় ধরনের আলোচনা ও অনিশ্চয়তা।

এ পরিস্থিতিতে গত সোমবার জরুরি বৈঠক ডাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সেই বৈঠক থেকে ঠিক কী সিদ্ধান্ত আসতে পারে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। পাকিস্তানের জন্য কঠোর কোনো সিদ্ধান্ত আসার আশঙ্কাও থাকছে। তবুও পাকিস্তান জানিয়েছে, তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে।

এর মধ্যেই ভারতকে নতুন করে চাপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি। তারা ঘোষণা দিয়েছে, আগামী মৌসুম থেকে ভারতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সম্প্রচার স্বত্ব আর বিক্রি করা হবে না।

এর আগে পিএসএলের ম্যাচগুলো ভারতে সম্প্রচার করত সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং অনলাইন প্ল্যাটফর্ম ফ্যানকোড। কিন্তু পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, নতুন মৌসুমে এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আর কোনো চুক্তি করবে না পিসিবি।

গত মৌসুমে পাকিস্তানের ভেতরে পিএসএলের সম্প্রচার করেছিল এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস। অনলাইনে ম্যাচ দেখা যেত ওয়ালি টেকনোলজিস, ট্যাপম্যাড, তামাশা, ডারাজ, বেগিন ও মাইকো প্ল্যাটফর্মে। পাকিস্তানের বাইরে বাংলাদেশে পিএসএল সম্প্রচার করেছে টি স্পোর্টস।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছর পেহেলগামের ঘটনার পর পিএসএলের মাঝপথেই ভারতে সম্প্রচার বন্ধ করে দেয় সনি স্পোর্টস ও ফ্যানকোড। ফ্যানকোড তাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও পিএসএলের পুরোনো ভিডিও মুছে ফেলে।

এবার নতুন মৌসুমের আগে পুরোপুরি ভারতে সম্প্রচার স্বত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এতে করে ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক যে আরও অবনতি ঘটতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

AHA
আরও পড়ুন