টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারত। দলের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মার খেলা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পেটের সংক্রমণে (গ্যাস্ট্রিক জটিলতা) আক্রান্ত হয়ে এই তরুণ তুর্কিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও মাঠে নামার মতো শারীরিক অবস্থায় নেই বলে জানা গেছে।
জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহের শুরুতে অসুস্থ হয়ে পড়ায় অভিষেককে হাসপাতালে নিতে হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তিনি দলের সঙ্গে যোগ দিলেও প্রচণ্ড দুর্বলতা অনুভব করছেন।
সতীর্থ আর্শদীপ সিংয়ের সঙ্গে এক ভিডিও বার্তায় অভিষেক নিজেই জানিয়েছেন, অসুস্থতার কারণে তার প্রায় ২ কেজি ওজন কমে গেছে এবং বর্তমানে তাকে কেবল ডাল-ভাত খেয়ে থাকতে হচ্ছে।
ভারতীয় মেডিকেল টিম তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। কলম্বোয় শুক্রবারের অনুশীলন সেশনের পর তার শারীরিক সক্ষমতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ১৯৪.৯৫ স্ট্রাইক রেটে ব্যাট করা এই মারকুটে ব্যাটারকে হারানো ভারতের জন্য বড় ক্ষতি হতে পারে। পাকিস্তানের বিপক্ষেও তার পরিসংখ্যান বেশ উজ্জ্বল; ৩ ম্যাচে ১৮৯.৬৫ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১১০ রান।
উল্লেখ্য, আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোয় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের ৮ বারের লড়াইয়ে ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তে অভিষেক শর্মা নিজেকে ফিরে পেয়ে একাদশে জায়গা করে নিতে পারেন কি না।
তিন দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল, কবে থেকে শুরু
