৮ বছর পর স্মৃতি বিজড়িত কেপটাউনে ফিরছে অস্ট্রেলিয়া

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় ‘স্যান্ডপেপার-গেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারির সেই স্মৃতি বিজড়িত কেপটাউনে দীর্ঘ আট বছর পর আবার টেস্ট খেলতে ফিরছে অস্ট্রেলিয়া। আগামী ২৭ অক্টোবর তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অজিরা।

২০১৮ সালে নিউল্যান্ডসে সেই কলঙ্কিত ঘটনার পর অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সিরিজ খেললেও কোনো টেস্ট সিরিজ খেলেনি। ওই ম্যাচে বল বিকৃতির দায়ে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হয়েছিলেন।

স্মৃতি হাতড়ালে দেখা যায়, সেই সিরিজের তৃতীয় টেস্টে টিভি ক্যামেরায় ধরা পড়েছিল ব্যানক্রফট পকেট থেকে স্যান্ডপেপার বের করে বলে ঘষছেন। এরপরই উত্তাল হয়ে ওঠে ক্রিকেট বিশ্ব। ঘটনার দায়ে স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। অধিনায়কত্ব হারান স্টিভ স্মিথ।

দীর্ঘ এই সময়ে অজি দলে এসেছে অনেক পরিবর্তন। ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ক্যামেরন ব্যানক্রফটও গত ছয় বছর ধরে টেস্ট দলের বাইরে। সেই কলঙ্কিত ঘটনার সাক্ষী হিসেবে বর্তমান স্কোয়াডে কেবল টিকে আছেন স্টিভ স্মিথ।

সিরিজের সূচি অনুযায়ী, টেস্টের আগে সেপ্টেম্বর মাসে দুই দল তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে। এরপর ৯ অক্টোবর ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। ১৮ অক্টোবর গেবারায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট এবং ঐতিহাসিক নিউল্যান্ডসে সিরিজের শেষ টেস্টটি শুরু হবে ২৭ অক্টোবর।

বিশ্ব ক্রিকেটের নজর এখন কেপটাউনের সেই নিউল্যান্ডস স্টেডিয়ামের দিকে, যেখানে আট বছর আগের সেই তিক্ত অভিজ্ঞতা ভুলে নতুন এক লড়াইয়ে নামবে প্যাট কামিন্সের দল।

DR/SN
আরও পড়ুন