বাংলাদেশের নারী ক্রিকেটে যোগ হলো নতুন এক মাইলফলক। নাহিদা আক্তারের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন সোবহানা মোস্তারি। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যের জন্য জানুয়ারি মাসের ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হয়েছেন এই ব্যাটার।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই অনন্য অর্জন নিজের করে নিয়েছিলেন স্পিনার নাহিদা আক্তার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন সোবহানা। টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪৫.৮০ গড় এবং ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে তিনি সংগ্রহ করেন ২২৯ রান। এই দাপুটে পারফরম্যান্সের কারণেই আইসিসি তাকে সেরা হিসেবে ঘোষণা করে। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিসকে পেছনে ফেলে তিনি এই সম্মাননা জয় করেন।
সোবহানাদের এমন অভাবনীয় সাফল্যের সুবাদে বাংলাদেশ দল আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।
একই সাথে আইসিসি পুরুষ ক্রিকেটারদের মাসসেরা খেলোয়াড়ের নামও প্রকাশ করেছে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর স্বীকৃতিস্বরূপ জানুয়ারি মাসের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান ড্যারল মিচেল।
সাকিব এখনো প্রথম একাদশে খেলার যোগ্য: বিসিবি পরিচালক
