টেস্ট-ওয়ানডেতে লজ্জার পর টি-টোয়েন্টি সিরিজ টাইগারদের

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম
জিম্বাবুয়ে সফরটা বাংলাদেশের জন্য শুরু হয়েছিল হতাশা দিয়ে। একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারানোর পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও পরাজয়ের স্বাদ পেতে হয়েছিল টাইগারদের। তবে শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রোববার (১৯ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তাওহিদ হৃদয়ের দল।
 
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের ইনিংসের মূল ভরসা ছিলেন ডিওন মায়ার্স। ৫৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ব্রায়ান বেনেট ৩৮ বলে ৪৭ রান করে তাকে ভালো সঙ্গ দিলেও অন্য ব্যাটাররা বড় অবদান রাখতে পারেননি। অধিনায়ক সিকান্দার রাজা করেন ৩ রান, আর রায়ান বার্লের ব্যাট থেকে আসে ৭ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া মাহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট নেন। দুটি গুরুত্বপূর্ণ রানআউটও জিম্বাবুয়ের ইনিংস বড় হতে দেয়নি।
 
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন ৫৫ রানের জুটি গড়ে দলের ভিত শক্ত করেন। ইমন ২২ বলে ২৪ রান করে বিদায় নিলেও তানজিদ এক প্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নেন।
অধিনায়ক তাওহিদ হৃদয় ১৯ বলে ২৪ রান করেন। ইয়াসির আলীও দ্রুত ৯ বলে ১০ রান যোগ করেন। শেষদিকে টানা কয়েকটি উইকেট হারিয়ে ম্যাচে উত্তেজনা তৈরি হলেও দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে রাখেন তানজিদ।
 
শেষ পর্যন্ত ৫৮ বলে ১টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৬৬ রান করেন তানজিদ হাসান। ম্যাচ শেষ হওয়ার দুই বল আগেই মাহেদী হাসানের বাউন্ডারিতে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্স ও সিকান্দার রাজা দুটি করে উইকেট নেন। তবে তানজিদের দৃঢ় ইনিংসের সামনে শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি।
 
টেস্ট ও ওয়ানডেতে ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করায় কিছুটা হলেও স্বস্তি নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল।
AS
আরও পড়ুন