বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার (১৫ জুলাই) আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংস্থাটির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির চেয়ারম্যান করা হয়েছে তামিমকে। বিশ্বজুড়ে দ্রুত বিস্তার লাভ করা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন নীতিগত বিষয়, আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে এই কমিটি কাজ করবে।
বর্তমানে আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, এসএ২০, আইএলটি২০সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের বিস্তারের কারণে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজের সূচি, ক্রিকেটারদের কাজের চাপ, বিশ্রাম ও নিরাপত্তা নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব বিষয়ে সমন্বিত নীতিমালা প্রণয়ন এবং আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে কমিটির প্রধান লক্ষ্য।
চেয়ারম্যান হিসেবে তামিম ইকবাল এই কমিটির নেতৃত্ব দেবেন। তার সঙ্গে সদস্য হিসেবে থাকছেন ক্রিকেট নামিবিয়ার প্রতিনিধি রুডি ভ্যান বুরেন, ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।
এর আগে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পর চলতি মাসের শুরুতে স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় অংশ নেন তামিম। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই বিশ্ব ক্রিকেটের গুরুত্বপূর্ণ একটি কমিটির নেতৃত্ব পাওয়াকে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের জন্য তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
তামিম ইকবালকে বিসিবি সভাপতি হিসেবে আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি
শেষ ম্যাচ জিতে জিম্বাবুয়ের বোলারদের কৃতিত্ব দিলেন টাইগার কোচ
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ