বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবহিত না করে বিদেশ সফরে যাওয়ার অভিযোগে শৃঙ্খলাজনিত প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া সত্ত্বেও অনুমতি ছাড়া চীন সফরে যাওয়ার ঘটনায় তাকে ডেকে ব্যাখ্যা নিয়েছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি।
জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে বিসিবিকে না জানিয়ে লিটনের চীন ভ্রমণের বিষয়টি ভালোভাবে নেয়নি বোর্ড। কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের বিদেশ সফরের ক্ষেত্রে বোর্ডকে আগাম অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে মনে করছে বিসিবি।
এদিকে কুঁচকির চোট থেকে পুনর্বাসনের জন্য আগামী ২০ জুলাই লিটনের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। একই চোটের কারণে তিনি জিম্বাবুয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পাশাপাশি ইনজুরির কারণেই চলমান লঙ্কা প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারেননি এই ডানহাতি ব্যাটার।
বিসিবির পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে লিটন তার অবস্থান ব্যাখ্যা করেছেন। এখন বিষয়টি মেডিকেল কমিটির সঙ্গে আলোচনা করে তার বক্তব্যের সত্যতা এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই করবে বোর্ড।
তিনি বলেন, লিটনের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় ধরনের কোনো শৃঙ্খলাভঙ্গের ঘটনা নেই। তাই ঘটনাটি মূল্যায়নের ক্ষেত্রে তার অতীত আচরণও বিবেচনায় নেওয়া হচ্ছে।
আলমগীরের মতে, লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে না পারার হতাশা থেকেও এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে বিষয়টিকে কেবল যোগাযোগের ঘাটতি হিসেবে দেখলেও কেন্দ্রীয় চুক্তির শর্ত অনুযায়ী বোর্ডকে না জানিয়ে বিদেশ সফরে যাওয়া নিয়মের ব্যত্যয়। তাই প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
টেস্ট-ওয়ানডেতে লজ্জার পর টি-টোয়েন্টি সিরিজ টাইগারদের
আইসিসির গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
তামিম ইকবালকে বিসিবি সভাপতি হিসেবে আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি