ত্রিদেশীয় সিরিজের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় পাকিস্তান ও শ্রীলংকা ক্রিকেট দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ এবং শ্রীলংকার ক্রিকেটারদের ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান ও শ্রীলংকা। ম্যাচটিতে ৩৭ রানে জয় পায় পাকিস্তান। তবে স্লো ওভার রেটের কারণে দুই দলকেই শাস্তির মুখে পড়তে হয়েছে।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। নির্ধারিত সময়ের হিসাব সমন্বয়ের পর পাকিস্তান লক্ষ্যমাত্রার চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে শ্রীলংকা পিছিয়ে ছিল এক ওভার।
ম্যাচে দায়িত্ব পালন করা অনফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি দুই দলের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তি মেনে নেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচে প্রথমে ব্যাট করে সালমান আলি আগার দুর্দান্ত সেঞ্চুরিতে ৩০৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করেন সালমান, যিনি ম্যাচসেরার পুরস্কারও জেতেন।
জবাবে রান তাড়ায় ভালো অবস্থানে ছিল শ্রীলংকা। ৪৩.৩ ওভার শেষে ৫ উইকেটে তাদের সংগ্রহ ছিল ২৫৩ রান। জয়ের জন্য শেষ ৩৯ বলে প্রয়োজন ছিল ৫৩ রান। তখন ৬০ রানে জানিথ লিয়ানাগে এবং ২৬ রানে সাবেক অধিনায়ক দাসুন শানাকা ব্যাট করছিলেন।
তবে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে জয়ের সম্ভাবনা নষ্ট করে শ্রীলংকা। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ২৬৮ রানে অলআউট হয়ে যায় দলটি। এতে ৩৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
কালীগঞ্জে বেদে পল্লীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি গাড়ি কিনবে সরকার