সিরিজ জয়ের মিশনে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম

শারজাহতে আজ সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেই ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের সামনে। টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক জাকের আলী অনিক। অর্থাৎ আবারও রান তাড়া করেই ম্যাচ জয়ের চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ।

গতকালের জয়ী একাদশে এসেছে দুই পরিবর্তন। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। পেস আক্রমণে তাই আজ নতুন ভারসাম্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের স্মৃতি এখনও টাটকা। ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের শতরানের উদ্বোধনী জুটি দলকে সহজ জয়ের পথে রেখেছিল। কিন্তু হঠাৎ ধস নামিয়ে মাত্র ৯ রানে হারায় ৬ উইকেট। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও তরুণ রিশাদ হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে হাসি ফুটেছিল বাংলাদেশের ড্রেসিংরুমে।

আজকের ম্যাচে জয়ের মানে শুধু সিরিজ জয় নয়, আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়েও এগিয়ে যাওয়া। এখন পর্যন্ত দুই দল ১৪ বার মুখোমুখি হয়েছে-জয় সমান ৭টি করে। তবে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় এসেছে টাইগারদের হাতে। এবার তাই সুযোগ আছে আফগানদের পেছনে ফেলে এগিয়ে যাওয়ার।

তবে লড়াই সহজ হবে না। আফগানিস্তানের হয়ে রাশিদ খান ও নুর আহমাদরা আবারও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন। বাংলাদেশের নতুন একাদশ কতটা সঠিক ভারসাম্য এনে দেয়, তার ওপর অনেকটা নির্ভর করছে সিরিজের ভাগ্য।

আজ যদি জয় পায় বাংলাদেশ, তবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে এটি হবে দ্বিতীয় টি–টোয়েন্টি সিরিজ জয়।

বাংলাদেশ একাদশ: জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

আরও পড়ুন