ব্রাজিলীয় ফুটবলের পরিচিত মুখ এবং সৌদি ক্লাব আল-নাসরের নারী দলের অধিনায়ক ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জীবনের এই নতুন অধ্যায় শুরু করে তিনি পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আল-নাসর ক্লাবের পক্ষ থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আল-নাসর নারী দল তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ক্যাথলিনের একটি আবেগঘন ভিডিও পোস্ট করে লিখেছে, ‘আমরা ক্যাথলিন সৌজার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণার মাধ্যমে তার জীবনের একটি বিশেষ মুহূর্ত শেয়ার করছি। তার হৃদয়কে শান্তি ও প্রশান্তিতে ভরে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।’
প্রকাশিত ভিডিওতে ২৯ বছর বয়সী এই ফুটবলারকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। নিজের পরিবর্তনের কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। ক্যাথলিন বলেন, ‘আমি কেবল সঠিক পথ খুঁজে পেতে এবং নিজের একটি উন্নত সংস্করণ হওয়ার চেষ্টা করছিলাম, এটুকুই।’
পরবর্তীতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওমরাহ পালনের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তন খোঁজা। জীবনের এই উপহারের জন্য আমি কৃতজ্ঞ।’
ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেওয়া এই সেন্ট্রাল ডিফেন্ডার বর্তমানে ক্যারিয়ারের দুর্দান্ত সময় পার করছেন। ইন্টার মিলানের মতো বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্যাথলিন ২০২৪ সালের আগস্টে আল-নাসরে যোগ দেন। সম্প্রতি তিনি সৌদি লিগে ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন। শৈশবে সান্তোস এফসি-র যুব দল দিয়ে ক্যারিয়ার শুরু করা এই ফুটবলার দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ফুটবলেও দাপটের সাথে খেলেছেন।
বর্তমানে তিনি ব্রাজিল নারী জাতীয় ফুটবল দলেরও একজন নিয়মিত সদস্য। মাঠের পারফরম্যান্স এবং ব্যক্তিগত জীবনের এই বড় পরিবর্তন উভয় কারণেই এখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের আলোচনায় রয়েছেন ক্যাথলিন সৌজা।
রোহিত-বিরাট কোহলিকে পেছনে ফেলে সিকান্দার রাজার বিশ্বরেকর্ড
রোহিঙ্গাদের সঙ্গে ইফতার সারলেন ওজিল
