মৌরিতানিয়াকে হেসেখেলে হারাবে আর্জেন্টিনা এমন কিছু ধারণা করা অমূলক ছিল না। বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটি জিতেছে। এমন নয় যে জেতার জন্য ঘাম ছুটেছে। কিন্তু ২-১ গোলের জয়ে আর্জেন্টিনার খেলার মান নিয়ে প্রশ্ন উঠেছে। কোচ লিওনেল স্কালোনি রাখঢাক না রেখে স্বীকার করেছেন, তার দল ভালো খেলেনি। ভুলগুলো শুধরে নিতে তড়িৎ পদক্ষেপ নিতে হবে। গোলকিপার এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজও কঠোর সমালোচনা করেছেন দলের। তার কথা, ‘আমাদের আরও দৃঢ় মানসিকতা দেখাতে হবে।’ স্পেনের বিপক্ষে ফিনালিসিমা বাতিল হওয়ায় আর্জেন্টিনার জন্য ভালো হয়েছে বলে মত বিশ্বকাপজয়ী গোলকিপারের।
মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচের পরিসংখ্যান কিন্তু আর্জেন্টিনার জন্য উদ্বেগজনক। ফলাফল পক্ষে গেলেও ম্যাচের গতিপ্রকৃতি বিশ্লেষণ করলে অ্যাস্টন ভিলা খেলোয়াড়ের ক্ষোভের কারণে যৌক্তিক মনে হবে। প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধে তাদের খেলার মান নিচে নেমেছে। ম্যাচের ৬৪ শতাংশ বল দখলে রেখেছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে মৌরিতানিয়া নিজেদের গুছিয়ে নেয় এবং বল দখলের লড়াইয়ে তারা ৪২ শতাংশে পৌঁছায়।
দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি করতেও বেশ ঘাম ছুটেছে আর্জেন্টিনার। মৌরিতানিয়ার ১১ শটের বিপরীতে তারা কেবল ৭টি শট নিয়েছে। দ্বিতীয়ার্ধে মৌরিতানিয়ার পক্ষে ছিল এই পরিসংখ্যান। তারা আটটি শট রেখেছিল লক্ষ্যে, যেখানে স্কালোনির দল কেবল একটি শট নিয়েছে।
প্রতিপক্ষ গোলকিপার মামাদো দিওপের চেয়ে বেশি সেভ করতে হয়েছে মার্তিনেজকে। সোফাস্কোর-এর তথ্য-উপাত্ত অনুযায়ী, আর্জেন্টাইন কিপারকে তিনবার বল রুখে দিতে হয়েছে। আফ্রিকান গোলকিপার ঠেকিয়েছেন দুটি। অবশ্য সমান সংখ্যক গোলও হজম করতে হয়েছে তাকে।
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ অকপটে স্বীকার করলেন, ‘সত্যি কথা হলো আজকের ম্যাচ ভালো ছিল না, এটাই বাস্তব।’ জোর দিয়ে তিনি বললেন, ‘এই পারফরম্যান্স থেকে অনেক উপসংহার টানা যেতে পারে।’ কোচ যোগ করলেন, ‘আমরা সবসময় বলি, সহজ প্রতিপক্ষ বলে কেউ নেই। আজ দল ভালো ছিল না। আমাদের এটা মেনে নিয়ে ভুল শুধরাতে হবে। আমি চিন্তিত নই। সবসময়ের মতো কিছু বিষয় সংশোধন করতে হবে। তাও ভালো যে এখনই সেগুলো ধরা পড়েছে।’
মদ্যপ হয়ে গাড়ি চালানোর সন্দেহে টাইগার উডস গ্রেপ্তার
‘শত্রু’ দেশে খেলতে দল পাঠাবে না ইরান
