ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার ঘোষণা গার্দিওলার

আপডেট : ২২ মে ২০২৬, ০৬:৪৬ পিএম

কয়েক বছর ধরে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়বেন ছাড়বেন এমন গুঞ্জনের মধ্যে আজ পেপ গার্দিওলা জানিয়েই দিলেন যে, এটাই সিটিজেনদের সঙ্গে তার শেষ মৌসুম। 

কোচের পদ থেকে বিদায় নিলেও গার্দিওলা সিটি গ্রুপের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন এবং গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে সিটি ক্যারিয়ারের শেষ ম্যাচে ডাগআউটে দাঁড়াবেন তিনি।

শুক্রবার (২২ মে) ম্যানচেস্টার সিটি এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে। গার্দিওলার এই ঘোষণা এসেছে প্রিমিয়ার লিগ শিরোপা হাতছাড়া হওয়ার দুদিন পর। ৩৭তম ম্যাচডে পর্যন্ত শিরোপার দৌড়ে ছিল তার শিষ্যরা, তাদের চেষ্টা থামিয়ে ২২ বছর পর লিগ জিতেছে আর্সেনাল।

বিদায়ী বার্তায় গার্দিওলা বলেছেন, ‘আমি কেন চলে যাচ্ছি, সেই কারণ জানতে চাইবেন না। এর নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে আমার মনের গভীর থেকে আমি জানি, এটাই আমার সময়। কিছুই চিরস্থায়ী নয়। যদি হতো, তাহলে আমি এখানেই থাকতাম। চিরস্থায়ী হয়ে থাকবে অনুভূতিগুলো, মানুষগুলো, স্মৃতিগুলো এবং আমার ম্যানচেস্টার সিটির প্রতি ভালোবাসা।’

শিষ্যদের প্রতি বলেছেন, ‘খেলোয়াড়রা কখনও ভুলে যেও না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, আমি, আমার কোচিং স্টাফ, এই ক্লাব; সবকিছু। আমরা যা করেছি, সবই করেছি তোমাদের জন্য। আর তোমরা ছিলে সত্যিই অসাধারণ। তোমরা হয়তো এখনো বুঝতে পারছ না, কিন্তু তোমরা একটি লিগ্যাসি রেখে যাচ্ছ। তাই যখন আমার সময় শেষের দিকে চলে এসেছে, তখন খুশি থাকো...।’

কাব্যিক ভঙ্গিতে গার্দিওলা বলেছেন, ‘লেডিস এন্ড জেন্টলম্যান। আমার ওপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করার জন্য। ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য।’

বায়ার্ন মিউনিখ ছেড়ে স্প্যানিশ কোচ ২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন। ১০ বছরে ২০টি ট্রফি জিতিয়ে সিটির ইতিহাসে অন্যতম সেরা কোচ বনে গেছেন। তার অধীনে সিটিজেনরা ৬টি লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ২টি এফএ কাপ, ৫টি লিগ কাপ, তিনটি এফ এ কমিউনিটি শিল্ড ও একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা ঘরে তুলেছে। এরমধ্যে ২০২৩ সালে জিতেছেন ট্রেবল শিরোপা।

AHA
আরও পড়ুন