ইরানের হাতেই হরমুজের নিরাপত্তা: শাহরাম ইরানি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম

হরমুজ প্রণালির নিরাপত্তা অন্য কারও হাতে নয়, ইরানের ইচ্ছা ও প্রতিরক্ষাবাহিনীর প্রস্তুতির ওপর নির্ভরশীল বলে কঠোর বার্তা দিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, কৌশলগত এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা ও প্রস্তুতি ইরানের প্রতিরক্ষাবাহিনীর রয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী দিবস উপলক্ষে ওই বাহিনীর নৌকমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমাইকে দেওয়া এক বার্তায় শাহরাম ইরানি বলেন, ইরানের জন্য সমুদ্র শুধু একটি জলসীমা নয়, জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও কর্তৃত্ব রক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিপদের মুহূর্তে তা রক্ষায় সাহস, জ্ঞান ও প্রস্তুতি নিয়ে দ্রুত মাঠে নামতে হয়।

তিনি বলেন, পারস্য উপসাগরের বিস্তীর্ণ জলসীমায় দীর্ঘদিনের উপস্থিতি ও কার্যক্রমের মাধ্যমে বিপ্লবী গার্ডের নৌবাহিনী ইরানের জাতীয় স্বার্থ রক্ষা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শাহরাম ইরানি বলেন, রমজান যুদ্ধ ও হরমুজ যুদ্ধের সময় এই দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ওই সময়ে বিপ্লবী গার্ডের বাহিনী ইরানের ভূখণ্ড ও স্বার্থ রক্ষায় সতর্কতা ও সাহসের সঙ্গে অবস্থান নিয়েছে। তার মতে, এসব পরিস্থিতি আবারও দেখিয়েছে, হরমুজের নিরাপত্তা নির্ভর করে ইরানের প্রতিরক্ষাবাহিনীর ইচ্ছা ও প্রস্তুতির ওপর।

এদিকে ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেইন দাদরাস বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তি ও দৃঢ়তার সঙ্গে শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এখন তারা আগের চেয়ে বেশি প্রস্তুত।

তিনি বলেন, ইরান এমন এক প্রতিপক্ষের মুখোমুখি, যে নিজেকে বিশ্বের শাসক মনে করে এবং নিজেদের লক্ষ্য পূরণে নিরীহ শিশুদেরও বলি দিতে দ্বিধা করে না। তার দাবি, এই মতাদর্শের পরিণতিতে গাজায় হাজারো নিরীহ শিশু নিহত হয়েছে এবং মিনাবের একটি স্কুলে নৃশংস ঘটনা ঘটেছে।

দাদরাসের ভাষ্য অনুযায়ী, শত্রুপক্ষ এক সপ্তাহেরও কম সময়ে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারবে, এমন ধারণা নিয়ে ইরানে হামলা চালিয়েছিল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর কমান্ডারদের হত্যার কথাও উল্লেখ করেন তিনি।

তবে তার দাবি, ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনী অতীতের তুলনায় আরও দৃঢ়তা ও শক্তির সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছে। বর্তমানে তারা যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি 

এএস
আরও পড়ুন