মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ একসময় অনিশ্চয়তার মুখে পড়েছিল। নানা জটিলতা ও দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিচ্ছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেললেও ইরান দলের বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে মেক্সিকোতে। রোববার (৭ জুন) সেখানে পৌঁছেছে ইরানের বিশ্বকাপ বহর।
তবে দলটির সব সদস্য এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এ কারণে ফিফার সমালোচনা করেছেন ইরানের অভিজ্ঞ ডিফেন্ডার এহসান হাজসাফি।
ক্যালিফোর্নিয়া সীমান্তসংলগ্ন মেক্সিকোর তিজুয়ানা শহরে ইরানের বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। ভিসা প্রক্রিয়ার জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের আরিজোনার টাকসন থেকে ক্যাম্প সরিয়ে সেখানে নেওয়া হয়।
দল মেক্সিকোতে পৌঁছানোর পর হাজসাফি বলেন, “প্রথমত, আমরা খুব খুশি যে দল অবশেষে এখানে পৌঁছেছে। এ নিয়ে আমরা আনন্দিত। আল্লাহকে ধন্যবাদ, দলের অবস্থা খুব ভালো। এত কিছুর পর শেষ পর্যন্ত ভিসা দেওয়া হয়েছে।”
তবে দলের সব সদস্য ভিসা না পাওয়ায় ফিফার প্রতি অসন্তোষ প্রকাশ করেন তিনি। হাজসাফি বলেন, “ব্যক্তিগতভাবে ফিফার কাছে আমার একটি অভিযোগ আছে। কেন এত দেরি হলো? যতদূর জানি, শুধু খেলোয়াড় ও কোচিং স্টাফের কিছু সদস্য ভিসা পেয়েছেন।”
ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দেশটির ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়েত মোমবেইনি এবং ভাইস প্রেসিডেন্ট মেহেদি মোহাম্মাদ নাবিসহ কয়েকজন কর্মকর্তা এখনও ভিসা পাননি।
এ প্রসঙ্গে হাজসাফি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে কোচিং স্টাফের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এখনও ভিসা পাননি। তাদের মধ্যে টিম ম্যানেজার, নির্বাহী পরিচালক ও মিডিয়া ডিরেক্টর রয়েছেন। তারা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ফিফার কাছে অনুরোধ করব, বিষয়টি দ্রুত সমাধান করা হোক। ইনশাআল্লাহ, আগামী কয়েক দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।”
হাজসাফির বক্তব্যে প্রধান কোচ আমির গালেনোয়েইকে উদ্দেশ্য করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে ৬২ বছর বয়সী এই কোচ ভিসাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন বলে জানা গেছে। মেক্সিকোর উদ্দেশে দেশ ছাড়ার আগে দলের বাসে তার উপস্থিতিও দেখা গেছে।
ফুটবলের অপ্রত্যাশিত সম্রাট ইনফান্তিনোর উত্থান