চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন মার্টিনেজ

আপডেট : ১২ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম

বিশ্বকাপ শুরুর আগে বড় স্বস্তির খবর পেল আর্জেন্টিনা। আঙুলের চোট কাটিয়ে পূর্ণমাত্রার অনুশীলনে ফিরেছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ মে ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপে ডান হাতের অনামিকা আঙুলে চোট পান মার্টিনেজ। পরীক্ষায় সেখানে হাড়ে ফাটল ধরা পড়ে, যা তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে বাধ্য করে।

পুনর্বাসনের শুরুতে আঙুলে স্প্লিন্ট ব্যবহার করতে হয়েছে এই গোলরক্ষককে। এমনকি এক হাত দিয়েই অনুশীলন চালিয়ে গেছেন তিনি। তবে বৃহস্পতিবার দুই হাতে গ্লাভস পরে পূর্ণাঙ্গ গোলকিপিং সেশনে অংশ নেওয়ায় তার সুস্থতা নিয়ে আশাবাদী আর্জেন্টিনা শিবির।

চোটের কারণে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি ৩৩ বছর বয়সী এই তারকা। তবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে। সেই ম্যাচেই তাকে পোস্টের নিচে দেখা যেতে পারে।

ক্লাব ফুটবলেও দারুণ একটি মৌসুম কাটিয়েছেন মার্টিনেজ। তার দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাস্টন ভিলা প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করে। পাশাপাশি তিনি ইউরোপা লিগের মৌসুমসেরা একাদশেও জায়গা করে নেন।

জাতীয় দলের হয়ে তার সাফল্য আরও উজ্জ্বল। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে অন্যতম নায়ক ছিলেন তিনি এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন। পরে ২০২৪ কোপা আমেরিকা জয়ের পথেও গুরুত্বপূর্ণ অবদান রেখে নিজের সংগ্রহে যোগ করেন আরেকটি গোল্ডেন গ্লাভস। সূত্র: ইএসপিএন

AS
আরও পড়ুন