ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো, আত্মবিশ্বাসী হাকিমি

আপডেট : ১৩ জুন ২০২৬, ১২:০৩ পিএম

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের আগে আত্মবিশ্বাসে উজ্জ্বল মরক্কো। ২০২২ বিশ্বকাপে ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও পরিণত হয়েছে দলটি। আফ্রিকাজুড়ে তারা এখন ‘আফ্রিকার ব্রাজিল’ নামে পরিচিত।

বিশ্বকাপের প্রথম দিককার অন্যতম আকর্ষণীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। ম্যাচটি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে। সেই রোমাঞ্চ ছুঁয়ে গেছে মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমিকেও।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের আক্রমণভাগ, বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রকে সামলানোর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন হাকিমি। তিনি বলেন, “সবারই জানা আছে ব্রাজিল কতটা শক্তিশালী দল। ভিনিসিয়ুসের সামর্থ্য সম্পর্কেও আমরা ভালোভাবেই জানি। আমি তার বিপক্ষে অনেকবার খেলেছি, সে নিঃসন্দেহে অসাধারণ একজন ফুটবলার।”

তবে ব্রাজিলের তারকাবহুল আক্রমণভাগকে থামাতে ব্যক্তিগত লড়াইয়ের চেয়ে দলগত সংহতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

হাকিমির ভাষায়, “ব্রাজিলের প্রতিটি খেলোয়াড়ই বিশ্বমানের। তাদের মোকাবিলা করতে হলে আমাদের রক্ষণভাগকে দলগতভাবে কাজ করতে হবে এবং সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। আমরা এমন ম্যাচের জন্যই প্রস্তুতি নিয়েছি। ব্যক্তিগতভাবেও আমি আত্মবিশ্বাসী যে, আমরা নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিতে পারব।”

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিলের বিপক্ষে সমানতালে লড়াইয়ের বিশ্বাসও রয়েছে মরক্কো শিবিরে।

হাকিমি বলেন, “আমরা ব্রাজিলকে খুব ভালোভাবেই চিনি। তাদের ইতিহাস ও খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে আমাদের দলেও প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। আফ্রিকার অনেকেই আমাদের ‘আফ্রিকার ব্রাজিল’ বলে ডাকে। আমাদেরও নিজস্ব শক্তি রয়েছে।”

সমর্থকদের অকুণ্ঠ সমর্থনকে বড় শক্তি হিসেবে দেখছেন মরক্কোর এই তারকা। তিনি বলেন, “পুরো মরক্কো আমাদের পাশে আছে। আমরা বিশ্বাস করি, এবারের বিশ্বকাপে ভালো কিছু করতে পারব এবং সেই যাত্রা শুরু করতে চাই জয় দিয়ে।”

২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। তবে আপাতত ভবিষ্যতের হিসাব নয়, প্রথম ম্যাচেই পুরো মনোযোগ দলের।

হাকিমি বলেন, “আমরা শুধু প্রথম ম্যাচটি নিয়েই ভাবছি। ম্যাচ ধরে ধরে এগোতে চাই। লক্ষ্য হলো গতবারের চেয়েও ভালো কিছু করা। কিন্তু এখন আমাদের একমাত্র লক্ষ্য ব্রাজিলের বিপক্ষে জয়।”

এদিকে সংবাদ সম্মেলনে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “দলের পরিবেশ খুবই ইতিবাচক। খেলোয়াড়দের শারীরিক অবস্থা, আমাদের আদর্শ ও মূল্যবোধ সবকিছুর ওপরই আমাদের পূর্ণ আস্থা রয়েছে। প্রস্তুতি ম্যাচগুলো থেকে আমরা নিজেদের অবস্থান সম্পর্কে ভালো ধারণা পেয়েছি। এখন লক্ষ্য ম্যাচ থেকে ম্যাচে উন্নতি করা।”

দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় আবদে এজালজুলি ও নায়েফ আগুয়ের্দের ইনজুরি প্রসঙ্গে কোচ জানান, বাকি সবাই খেলার জন্য প্রস্তুত।

“ইনজুরির কারণে দুজনকে হারালেও আমাদের পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন আসছে না। বিশ্বকাপের প্রথম ম্যাচ বলেই আমরা নিজেদের খেলার দর্শন বদলে ফেলব না। আমরা আমাদের নীতিতেই অটল থাকব,” বলেন তিনি।

কোচের এই দৃঢ় অবস্থান এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস মরক্কো শিবিরে বাড়তি প্রেরণা জুগিয়েছে। এখন দেখার বিষয়, বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে নিজেদের দর্শন ও কৌশল কতটা সফলভাবে বাস্তবায়ন করতে পারে আফ্রিকার এই উদীয়মান শক্তি।

AM/SN
আরও পড়ুন