জার্মানির বড় চ্যালেঞ্জ আইভরি কোস্টের তরুণ ‘ডিওমান্দে’

আপডেট : ২০ জুন ২০২৬, ১১:০৫ পিএম

২০২৬ বিশ্বকাপের ‘ই’ গ্রুপে দুর্দান্ত সূচনা করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে তারা দেখিয়েছে নিজেদের শক্তি। তবে আসল পরীক্ষা শনিবার (২০ জুন) রাত দুইটায়, যখন মুখোমুখি হবে আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্ট। এই ম্যাচে জার্মানির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছেন মাত্র ১৯ বছরের তরুণ উইঙ্গার ইয়ান ডিওমান্দে।

বুন্দেসলিগায় লাইপজিগের হয়ে অসাধারণ মৌসুম কাটানো ডিওমান্দে গতি, শক্তি ও ড্রিবলিং দক্ষতায় প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছেন। তাকে ঘিরেই জার্মানির মূল পরিকল্পনা সাজানো হয়েছে। ম্যাচের আগে অধিনায়ক যশুয়া কিমিচ বলেন, “তার উন্নতি অবিশ্বাস্য। পুরো মৌসুমজুড়ে সে ছিল ধারাবাহিক ও রোমাঞ্চকর।”

২০১৪ সালের পর থেকে বিশ্বকাপে জার্মানির পারফরম্যান্স আশানুরূপ নয়। ২০১৮ ও ২০২২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। তাই এবার নকআউট পর্ব নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। আইভরি কোস্টও সমানভাবে আত্মবিশ্বাসী। তারা ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে তারাও।

আজকের ম্যাচে জার্মানির সামনে সমীকরণ স্পষ্ট— আইভরি কোস্টকে হারাতে পারলেই নিশ্চিত হবে নকআউট পর্ব। অন্যদিকে আফ্রিকান দলটির লক্ষ্য জয়ের ধারাবাহিকতা বজায় রেখে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করা।

ফুটবলপ্রেমীদের চোখ এখন রাত দুইটার দিকে, যখন মাঠে নামবে দুই দল। একদিকে ইতিহাস ও অভিজ্ঞতার ভারে জার্মানি, অন্যদিকে তরুণ ডিওমান্দের ঝড়ে উজ্জীবিত আইভরি কোস্ট। এই লড়াই শুধু গ্রুপের ভাগ্য নয়, বরং বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় দ্বন্দ্ব হয়ে উঠতে পারে।

Attr/AHA
আরও পড়ুন